- ২৬ জুলাই, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বাংলাদেশের ডিজিটাল আর্থিক সেবাখাতে নতুন সংযোজন হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে যুক্তরাজ্যভিত্তিক ফিনটেক প্রতিষ্ঠান ভল্ট। সিলেটে আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের বাজারে তাদের যাত্রা শুরু করে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং ব্যবসায়ী প্রতিনিধিদের উপস্থিতিতে উদ্বোধন ঘোষণা করা হয়।
শনিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ। এছাড়া বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তা এবং স্থানীয় ব্যবসায়ীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়, যুক্তরাজ্যভিত্তিক ভল্ট হোল্ডিংস লিমিটেড-এর সম্পূর্ণ মালিকানাধীন প্রতিষ্ঠান ভল্ট দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের হসপিটালিটি খাতে ডিজিটাল পেমেন্ট সলিউশন ও পয়েন্ট অব সেল (পিওএস) প্রযুক্তি সরবরাহ করে আসছে। গত এক দশকে প্রতিষ্ঠানটির প্রযুক্তি উন্নয়ন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সিলেটভিত্তিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ইওটেক।
বাংলাদেশে কার্যক্রম শুরুর মাধ্যমে ভল্ট এখন দেশের হসপিটালিটি খাতসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল পেমেন্ট সেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বৈশ্বিক প্রযুক্তিগত কার্যক্রম পরিচালনায় বাংলাদেশভিত্তিক প্রকৌশলীদের দক্ষতাও আরও বিস্তৃতভাবে কাজে লাগানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমেদ বলেন, এই উদ্যোগ দেশের প্রযুক্তি খাতের সক্ষমতার একটি ইতিবাচক উদাহরণ। তিনি উল্লেখ করেন, আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করছে। আন্তর্জাতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় ব্যবসায়ীদের ডিজিটাল লেনদেনে আরও সম্পৃক্ত করার উদ্যোগ দেশের ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভল্ট হোল্ডিংসের কো-ফাউন্ডার ও চিফ প্রোডাক্ট অফিসার এবং প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদ জামান বলেন, সিলেটের প্রযুক্তিবিদরা বহু বছর ধরে আন্তর্জাতিক বাজারের জন্য সফটওয়্যার উন্নয়ন করছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ ফিনটেক প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। তাঁর মতে, এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীরা নগদনির্ভর লেনদেন থেকে বেরিয়ে এসে তথ্যভিত্তিক ডিজিটাল ব্যবস্থাপনা এবং আধুনিক অপারেশন টুল ব্যবহারের সুযোগ পাবেন, যা ব্যবসা পরিচালনাকে আরও দক্ষ ও কার্যকর করবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ওপেন ব্যাংকিং প্রযুক্তিনির্ভর ভল্টের সেবার মাধ্যমে গ্রাহকরা সরাসরি ব্যাংক হিসাব থেকে নিরাপদ ও দ্রুত অর্থ পরিশোধ করতে পারবেন। বর্তমানে ই-কমার্স, ভ্রমণ, গেমিং এবং বিভিন্ন আর্থিক সেবাখাতে এই প্রযুক্তি আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হচ্ছে।
২০১৯ সালে প্রতিষ্ঠিত ভল্ট বর্তমানে যুক্তরাজ্যের পাশাপাশি ইউরোপ, অস্ট্রেলিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ার বাজারেও প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণের নতুন অধ্যায়ের সূচনা হলো।