Friday, April 10, 2026

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ বয়কটের আহ্বান সেপ ব্লাটারের


ছবিঃ সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটার। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও অভিবাসন নীতির সমালোচনা করে তিনি বিশ্বকাপ চলাকালে দেশটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন সমর্থকদের।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। তবে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিগত অবস্থান এবং প্রশাসনিক আচরণ নিয়ে প্রশ্ন তুলে সরাসরি বিশ্বকাপ বয়কটের আহ্বান জানানোয় বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সুইস দুর্নীতিবিরোধী আইনজীবী ও অ্যাটর্নি মার্ক পিয়েথ সম্প্রতি এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ উপভোগ না করার আহ্বান জানান। তিনি দেশটিতে রাজনৈতিক বিরোধীদের প্রতি দমনমূলক আচরণ ও অভিবাসন সংস্থার ভূমিকার সমালোচনা করেন। তার মতে, এসব পরিস্থিতি ফুটবল সমর্থকদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করে না।

সুইজারল্যান্ডের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিয়েথ বলেন, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপরই অনেক কিছু নির্ভর করে এবং যেকোনো সময় দর্শকদের ফেরত পাঠানোর ঝুঁকি রয়েছে। তাই সমর্থকদের জন্য ঘরে বসে টেলিভিশনের পর্দায় খেলা দেখাই তুলনামূলকভাবে নিরাপদ বলে মন্তব্য করেন তিনি।

পিয়েথের এই বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে সেপ ব্লাটার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র থেকে দূরে থাকার পরামর্শটি যুক্তিসংগত। তিনি মনে করেন, বিশ্বকাপ আয়োজনকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বর্তমান বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলা অমূলক নয়।

বিশ্লেষকদের মতে, বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরকে কেন্দ্র করে এমন মন্তব্য আয়োজক দেশ ও ফিফার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। রাজনৈতিক ও মানবাধিকার সংক্রান্ত বিতর্ক বিশ্বকাপের প্রস্তুতিকে কীভাবে প্রভাবিত করে, সেদিকেই এখন নজর আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন