- ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিতর্ক যেন থামছেই না। দেশের গণ্ডি ছাড়িয়ে সেই আলোচনা এবার জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। বিশ্বের অন্যতম ক্রিকেটভিত্তিক ব্রিটিশ ম্যাগাজিন দ্য ক্রিকেটার প্রকাশিত এক পর্যালোচনায় আইসিসি স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর মধ্যে বিপিএলকে সবচেয়ে নিচের অবস্থানে রাখা হয়েছে।
ম্যাগাজিনটির করা র্যাঙ্কিংয়ে আইসিসি অনুমোদিত ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে বিপিএলের অবস্থান দশম। চারটি মানদণ্ড—বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক অবস্থান—এর ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়।
পর্যালোচনায় দেখা যায়, বিনোদনমূল্য, খেলার মান ও সামগ্রিক বিচারে বিপিএল তিনটি ক্যাটাগরিতেই সর্বশেষ স্থানে রয়েছে। কেবল গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বিপিএলের অবস্থান নবম, যেখানে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি দশম স্থানে রয়েছে।
সামগ্রিক র্যাঙ্কিংয়ে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শীর্ষস্থান ধরে রেখেছে। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি। বিনোদনের দিক থেকে এসএ টি-টোয়েন্টিকে সেরা হিসেবে বিবেচনা করা হলেও খেলার মান ও গ্রহণযোগ্যতার বিচারে আইপিএলই এগিয়ে। এই তালিকায় বিগ ব্যাশ লিগ, দ্য হানড্রেড, লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট—সবগুলোই বিপিএলের ওপরে অবস্থান করছে।
দ্য ক্রিকেটার–এর বিশ্লেষণে বলা হয়েছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণেই বিপিএল ও এলপিএল তুলনামূলকভাবে কম রেটিং পেয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই দুটি টুর্নামেন্টের সঙ্গে দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক অসঙ্গতি ও পরিচালনাগত দুর্বলতার অভিযোগ জড়িয়ে আছে, যা তাদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই মূল্যায়ন বিপিএলের জন্য একটি বড় সতর্কবার্তা। টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা ও মান বাড়াতে কাঠামোগত সংস্কার এবং স্বচ্ছ ব্যবস্থাপনার দিকে গুরুত্ব না দিলে আন্তর্জাতিক পর্যায়ে নেতিবাচক ধারণা আরও গভীর হতে পারে।