Friday, February 13, 2026

ওয়েস্ট বানডুংয়ে ভূমিধস ও আকস্মিক বন্যায় নিখোঁজ বহু মানুষ


ছবিঃ একটি উড়োজাহাজ থেকে তোলা চিত্রে ৭ ডিসেম্বর ২০২৫-এ ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের বানডুংয়ের কনডং গ্রামে ঘটে যাওয়া ভূমিধসের দৃশ্য দেখা যাচ্ছে (সংগৃহীত । আল জাজিরা । তিমুর মাতাহারি/এএফপি)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের ওয়েস্ট বানডুং এলাকায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী দল জোরালো তৎপরতা চালাচ্ছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি শনিবার বলেন, নিখোঁজ মানুষের সংখ্যা উল্লেখযোগ্য। আজ সার্চ ও রেসকিউ কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শনিবার ভোররাতে ওয়েস্ট বানডুংয়ের পাসিরলাঙ্গু গ্রামে ভূমিধসটি ঘটে। পাহাড়ি এলাকা মাউন্ট বুরাংরাংয়ের ঢাল থেকে নেমে আসা পানি ও কাদামাটির প্রবল স্রোত ঘুমন্ত অবস্থায় থাকা গ্রামবাসীদের বাড়িঘরের ওপর আছড়ে পড়ে। এতে অন্তত ৩০টি ঘর ক্ষতিগ্রস্ত বা চাপা পড়ে।

স্থানীয় পুলিশ জানায়, ভূমিধসের সঙ্গে আকস্মিক বন্যাও দেখা দেয়। ঘটনার সময় এলাকাবাসী বিকট শব্দ শুনতে পান। সেনাবাহিনী, আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ একযোগে উদ্ধার কাজে অংশ নিচ্ছেন।

আরও দুর্ঘটনার আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভূমিধসে প্রায় ৩০ হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যেই দেশটির আবহাওয়া বিভাগ পশ্চিম জাভায় টানা ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। অন্যদিকে, সিতারুম ও সিবিত নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কারাওয়াং জেলার বিভিন্ন উপ-জেলায় বন্যা দেখা দিয়েছে। নদীসংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

এ ছাড়া প্রবল বৃষ্টির কারণে পূর্ব জাকার্তার বিভিন্ন এলাকায়ও শত শত মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, গত মাসেও ইন্দোনেশিয়ার কয়েকটি প্রদেশে ভূমিধস ও বন্যায় প্রাণহানির ঘটনা ঘটে, যেখানে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। পরিবেশগত অবক্ষয়, বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে দেশটিতে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন