Wednesday, February 11, 2026

ত্রয়োদশ সংসদ নির্বাচন: শুক্রবার আনুষ্ঠানিক ফল জানাবে ইসি


ফাইল ছবিঃ নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে পরদিন শুক্রবার সকালে সারা দেশ থেকে প্রাপ্ত ফলাফল একত্র করে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ব্রিফিংয়ে নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোট গণনার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

ইসি সানাউল্লাহ বলেন, পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হলেও ভোট গ্রহণ ও গণনা হবে ম্যানুয়ালি। সংসদীয় আসনভিত্তিকভাবে প্রতিটি পোস্টাল ব্যালট গণনা করা হবে। ভোটের দিন বিকেল ৪টার মধ্যে ডাকযোগে পৌঁছানো ব্যালটগুলোই কেবল গণনায় অন্তর্ভুক্ত হবে।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, সাম্প্রতিক অস্থিরতার সময় থানা থেকে লুট হওয়া ৯ শতাধিক অস্ত্র ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। নির্বাচন ঘিরে প্রতিটি ভোটকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং অধিকাংশ কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে তিনি বলেন, দ্বৈত নাগরিকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন—এ বিষয়ে কোনো সাংবিধানিক বাধা নেই। তবে নির্বাচনে প্রার্থী হতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করতে হবে।

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।


Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন