- ১১ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানীর বনানীতে প্রাণীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে একটি ‘ফ্রি অ্যানিমেল ক্লিনিক’ চালু করা হয়েছে। বুধবার দুপুরে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া)–এর উদ্যোগে বনানীর কে ব্লকের ২৪ নম্বর (লেকপাড়) সড়কের ১৮ নম্বর ভবনে স্থাপিত এ ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা জানান, দেশকে সব প্রাণীর জন্য নিরাপদ আবাসস্থলে রূপান্তরের লক্ষ্য নিয়ে বাওয়া দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রাণী ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি রাজধানীতে আহত ও অসুস্থ প্রাণীদের জন্য জরুরি সেবা নিশ্চিত করতে তারা বিনা মূল্যের অ্যাম্বুলেন্স কার্যক্রমও পরিচালনা করছে।
সংগঠনের নেতারা বলেন, নতুন এই ক্লিনিক চালু হওয়ার ফলে পথপ্রাণীসহ বিভিন্ন প্রাণী সহজেই চিকিৎসাসেবা পাবে। অনেক সময় দ্রুত চিকিৎসার অভাবে আহত প্রাণীর মৃত্যু ঘটে—এই উদ্যোগ সেই ঝুঁকি কমাতে সহায়ক হবে। একই সঙ্গে প্রাণী সুরক্ষা ও কল্যাণে সাধারণ মানুষের সম্পৃক্ততা আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
উদ্বোধনের পর তারেক রহমান ক্লিনিকের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। বাওয়ার পক্ষ থেকে জানানো হয়, এই ক্লিনিকের মাধ্যমে সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসা প্রদান করা হবে এবং ধীরে ধীরে সেবার পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।