Wednesday, February 11, 2026

এপস্টেইন সংযোগের অভিযোগে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ভবিষ্যৎ বিনিয়োগ স্থগিত কানাডার দ্বিতীয় বৃহত্তম পেনশন তহবিলের


ফাইল ছবিঃ ডিপি ওয়ার্ল্ড পরিচালিত লন্ডন গেটওয়ে বন্দর—যুক্তরাজ্যের স্ট্যানফোর্ড-লে-হোপ এলাকায় ১৪ অক্টোবর ২০২৪ তারিখে তোলা ছবি। (সংগৃহীত । আল জাজিরা । ড্যান কিটউড/গেটি ইমেজেস)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

কানাডার দ্বিতীয় বৃহত্তম পেনশন তহবিল লা ক্যাস (La Caisse) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক লজিস্টিকস প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ভবিষ্যৎ বিনিয়োগ স্থগিতের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সুলতান আহমেদ বিন সুলাইেমের সঙ্গে প্রয়াত অর্থনীতিবিদ ও দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের যোগাযোগের তথ্য প্রকাশের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে লা ক্যাস জানায়, বিষয়টি পরিষ্কার না হওয়া এবং প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নতুন কোনো বিনিয়োগে যাবে না। তবে তারা স্পষ্ট করে বলেছে, ডিপি ওয়ার্ল্ডের মূল কোম্পানির শেয়ারহোল্ডার তারা নয়; বিভিন্ন বন্দর প্রকল্পে অংশীদার হিসেবে কাজ করছে।

লা ক্যাসের এক মুখপাত্র বলেন, “বর্তমান পরিস্থিতিতে আমাদের উদ্বেগ ব্যক্তি সুলতান আহমেদ বিন সুলাইেমকে ঘিরে। আমরা কোম্পানিকে জানিয়েছি, বিষয়টি স্বচ্ছভাবে ব্যাখ্যা করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিপুল পরিমাণ নথি প্রকাশ করে, যেখানে বিন সুলাইেম ও এপস্টেইনের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগের তথ্য উঠে আসে। নথিতে তাদের ব্যক্তিগত আলাপচারিতা ও সাক্ষাতের পরিকল্পনার উল্লেখ রয়েছে বলে জানা যায়।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে মঙ্গলবার দেওয়া এক বক্তব্যে ডেমোক্র্যাট আইনপ্রণেতা রো খানা বলেন, এপস্টেইন-সংক্রান্ত নথিতে আগে গোপন রাখা কয়েকজন ব্যক্তির নামের মধ্যে বিন সুলাইেমও রয়েছেন। তবে তিনি কোনো নির্দিষ্ট অপরাধের অভিযোগ তোলেননি এবং নথিতে নাম থাকা মানেই অপরাধে জড়িত থাকা নয়—এ কথাও স্পষ্ট করা হয়।

ডিপি ওয়ার্ল্ড বা বিন সুলাইেম এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।

দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড বিশ্বের ৬০টির বেশি বন্দর ও টার্মিনাল পরিচালনা করে। কানাডায় মন্ট্রিয়ল, ভ্যাঙ্কুভারসহ বিভিন্ন বন্দরে তাদের কার্যক্রম রয়েছে। সম্প্রতি মন্ট্রিয়ল বন্দরে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত লা ক্যাস প্রায় ৪৭৩ বিলিয়ন কানাডিয়ান ডলারের সম্পদ পরিচালনা করেছে। এর আগে ২০২২ সালে তারা সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দর ও সংশ্লিষ্ট কয়েকটি প্রকল্পে বড় অঙ্কের বিনিয়োগ করেছিল।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে করপোরেট সুশাসন ও স্বচ্ছতা এখন গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে লা ক্যাসের সিদ্ধান্ত ভবিষ্যতে ডিপি ওয়ার্ল্ডের ওপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন