Thursday, April 2, 2026

ওয়াকআউটের পর ১১ দলকে সঙ্গে নিয়ে আন্দোলনের ইঙ্গিত বিরোধীদলীয় নেতার


ফাইল ছবিঃ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাতীয় সংসদ থেকে ওয়াকআউটের পর বৃহত্তর রাজনৈতিক কর্মসূচির আভাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, সংবিধান সংস্কারসহ বিভিন্ন দাবিতে ১১টি দলকে সঙ্গে নিয়ে আন্দোলনের পথে হাঁটার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বুধবার বিকেলে সংসদ অধিবেশন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংসদের ভেতরে জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কারের দাবি বাস্তবায়ন সম্ভব না হওয়ায় এখন সেই দাবি জনগণের কাছেই নিয়ে যাওয়া হবে। তিনি স্পষ্ট করে বলেন, আন্দোলন ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই।

শফিকুর রহমান জানান, খুব শিগগিরই সংশ্লিষ্ট ১১টি দল একত্রে বসে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণকে সঙ্গে নিয়েই তারা দাবি আদায়ে এগিয়ে যাবেন।

সংসদ থেকে ওয়াকআউটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান নিয়ে কোনো কার্যকর প্রতিকার না পাওয়া এবং তাদের প্রস্তাবকে পাশ কাটাতে বিকল্প প্রস্তাব আনার প্রতিবাদেই তারা এ সিদ্ধান্ত নেন। তার ভাষায়, এটি জনগণের মতামতকে উপেক্ষা করার শামিল।

তিনি আরও বলেন, অতীতে দেশে অনুষ্ঠিত গণভোটগুলো জনগণের মতামতের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করেছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বসম্মত অবস্থান থাকা সত্ত্বেও সেটিকে উপেক্ষা করা হয়েছে, যা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক।

বিরোধীদলীয় নেতা উল্লেখ করেন, সংবিধান সংস্কারের দাবি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের সুশাসন ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার লক্ষ্যেই এই উদ্যোগ। তবে সেই প্রক্রিয়াকে স্বাভাবিক গতিতে এগোতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

সংসদ ত্যাগ করা মানেই সংসদ বর্জন নয়—এমন ব্যাখ্যা দিয়ে শফিকুর রহমান বলেন, তারা সংসদের অংশ হিসেবেই দায়িত্ব পালন চালিয়ে যাবেন। তবে একই সঙ্গে সংসদের বাইরে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা অব্যাহত থাকবে।

বিরোধী দলের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি ইঙ্গিত দিয়ে বলেন, খুব শিগগিরই তাদের অবস্থান পরিষ্কার হবে এবং আগামী দিনগুলোতে তা দৃশ্যমান হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন