Thursday, April 2, 2026

বিরোধী দলের ওয়াকআউটের পর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য


ছবিঃ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

জাতীয় সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউটের পর এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংসদীয় রীতিনীতি অনুযায়ী বিরোধী দলের ওয়াকআউট করার অধিকার রয়েছে, তবে আলোচনার বিষয়টি সংসদের কার্যবিবরণীতে থাকা জরুরি।

বুধবার বিকেলে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান সংক্রান্ত প্রস্তাব নিয়ে বিরোধী দলের সঙ্গে মতবিরোধের জেরে তারা সংসদ থেকে বেরিয়ে গেলে পরবর্তীতে এ বিষয়ে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কক্সবাজার-১ আসনের এই সংসদ সদস্য বলেন, বিরোধীদলীয় নেতা ওয়াকআউট করলেও সংসদে উত্থাপিত বক্তব্যের বিপরীতে সরকারের মতামতও রেকর্ডে থাকা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, মুলতবি প্রস্তাবটি ডেপুটি স্পিকার গ্রহণ করার সময়ই তিনি আপত্তি জানিয়েছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনের মতো বিষয় সাধারণত আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হওয়ার কথা। এ ধরনের বিষয় মুলতবি প্রস্তাবের আওতায় আলোচনা করার সুযোগ সীমিত। এরপরও স্পিকার বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আলোচনার সুযোগ দিয়েছেন এবং এ জন্য নির্ধারিত সময়ও বরাদ্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, সংসদে এ বিষয়ে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সংসদীয় চর্চা অনুযায়ী আলোচনার মাধ্যমে বিষয়টি শেষ হয়েছে বলে ধরা হয়। আলোচনার পর এ ধরনের প্রস্তাবের ওপর ভোটাভুটির বিধান নেই বলেও তিনি জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের উদ্দেশে বলেন, যদি মুলতবি প্রস্তাব উত্থাপনের সময় ভোটাভুটির সুযোগ দেওয়া হতো, তাহলে আলোচনার সুযোগই সৃষ্টি হতো না। ফলে বর্তমান আলোচনাটি সংসদে হওয়ার সুযোগ পেত না।

উল্লেখ্য, বিরোধী দল তাদের প্রস্তাব উপেক্ষা করা হয়েছে দাবি করে সংসদ থেকে ওয়াকআউট করে। এ ঘটনায় সংসদে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হলেও কার্যক্রম স্বাভাবিকভাবে অব্যাহত থাকে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন