Thursday, April 2, 2026

হাম ও জ্বালানিসংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের আহ্বান ইসলামী আন্দোলনের


প্রতীকী ছবিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশে শিশুদের মধ্যে হামের বিস্তার এবং চলমান জ্বালানিসংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার এক বিবৃতিতে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই আহ্বান জানান।

চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের নেতৃত্বাধীন দলটি তাদের বিবৃতিতে জানায়, দেশে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে এবং এ রোগে মৃত্যুর ঘটনাও ঘটছে, যা অত্যন্ত দুঃখজনক। তারা মনে করে, প্রতিরোধযোগ্য একটি রোগের কারণে শিশুদের মৃত্যু রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ঘাটতিরই ইঙ্গিত দেয়।

বিবৃতিতে বলা হয়, শুধু টিকাদান কার্যক্রম জোরদার করলেই হবে না, ইতোমধ্যে আক্রান্ত শিশুদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সেবাও নিশ্চিত করতে হবে। দ্রুত ছড়িয়ে পড়া এ রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্যখাতে জরুরি উদ্যোগ নেওয়ার ওপর জোর দেয় দলটি।

এদিকে জ্বালানিসংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন। তাদের দাবি, মাঠপর্যায়ে জ্বালানির ঘাটতির বাস্তবতা স্পষ্ট হলেও সরকারের বক্তব্যে তা প্রতিফলিত হচ্ছে না। দেশের বিভিন্ন স্থানে পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে এবং জ্বালানির অভাবে উপকূলীয় অঞ্চলের জেলেরা মাছ ধরতে যেতে পারছেন না।

বিবৃতিতে আরও বলা হয়, খুলনা, বরগুনা ও শরীয়তপুরসহ উপকূলের বহু জেলে পরিবার জীবিকা সংকটে পড়তে যাচ্ছে। বৈশ্বিক প্রেক্ষাপটে সংকটের বিষয়টি স্বীকার করলেও, এর প্রভাব মোকাবিলায় সরকারের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি বলে উল্লেখ করা হয়।

বিশেষ করে জেলেদের জন্য আলাদা ব্যবস্থাপনায় জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সামনের নিষেধাজ্ঞার মৌসুমকে সামনে রেখে সময়মতো সহায়তা না পেলে তাদের আর্থিক সংকট আরও তীব্র হতে পারে বলেও সতর্ক করেছে দলটি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন