Thursday, April 2, 2026

চুয়াডাঙ্গায় ট্রেনের নিচে পড়ে বৃদ্ধের মৃত্যু


ছবিঃ ট্রেনের নিচে পড়ে রমজান আলী (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রেনের নিচে পড়ে রমজান আলী (৭০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোমিনপুর কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রমজান আলী আলমডাঙ্গা উপজেলার বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং মৃত মুরাদ আলীর ছেলে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, তিনি এলাকায় একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় অসাবধানতাবশত রেললাইনে পড়ে যান রমজান আলী। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জগদীশ চন্দ্র বসু জানান, পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, কৃষিকাজের উদ্দেশ্যে রেললাইন ধরে জমির দিকে যাচ্ছিলেন রমজান আলী। এ সময় দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পর পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা রেললাইনে চলাচলের সময় আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন