- ০৮ সেপ্টেম্বর, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
পোস্টে তিনি বলেন, ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে বাঁধন ও তার পরিবারের ওপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তার ভাষ্য, রাজনৈতিক মত বা স্লোগান কারও ওপর ভয়, হুমকি কিংবা শক্তি প্রয়োগের মাধ্যমে চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও উল্লেখ করেন, জুলাইয়ের আন্দোলনের সময় আজমেরী হক বাঁধন ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন। সে সময় নীরব থাকা সহজ হলেও তিনি নীরব থাকেননি বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।
তিনি বলেন, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ একটি চলচ্চিত্র উৎসবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে গিয়ে একজন শিল্পী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগ অত্যন্ত দুঃখজনক। হামলার সময় বাঁধনকে জোর করে ‘জয় বঙ্গবন্ধু’ বলানোর চেষ্টা করা হয়েছে—এমন অভিযোগেরও উল্লেখ করেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারীর মতে, কোনো রাজনৈতিক স্লোগান কারও ওপর ভয় দেখিয়ে বা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা রাজনৈতিক মতাদর্শের প্রকাশ না হয়ে জবরদস্তি ও অসহিষ্ণুতার বহিঃপ্রকাশে পরিণত হয়।
পোস্টের শেষাংশে তিনি বাঁধন ও তার পরিবারের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দায়ীদের বিচার দাবি করেন।
এদিকে ভেনিস চলচ্চিত্র উৎসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়ে বাঁধনের ওপর হামলার অভিযোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে। ঘটনার বিস্তারিত ও এর সঙ্গে কারা জড়িত ছিলেন, তা নিয়ে বিভিন্ন দাবি সামনে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।