- ১৭ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক | বান্দরবান
বান্দরবানের বাঘমারা বাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৩টার দিকে বাজারের একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের উৎপত্তি। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকান ও ঘরবাড়িতে ছড়িয়ে পড়ে। বাজারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে। দীর্ঘ প্রায় তিন ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই বাজারের অধিকাংশ দোকান ও বসতঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাদের দোকানের মালামাল, নগদ অর্থ ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অনেক পরিবার রাতারাতি নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয়দের ভাষ্য, বাজারের ঘরগুলোতে দাহ্য সামগ্রী থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতেও ভয়াবহ অগ্নিকাণ্ডে বাঘমারা বাজারের বড় অংশ পুড়ে গিয়েছিল। নতুন করে আবারও আগুনের ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।