Sunday, May 17, 2026

রাজাপালংয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ, এলাকায় চরম উত্তেজনা


ছবিঃ ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় ছৈয়দা বেগম নামে এক নারীর মৃত্যুর অভিযোগ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | কক্সবাজার

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নে ফেসবুক পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় ছৈয়দা বেগম নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি শনিবার রাত ৮টার দিকে টাইপালং গ্রামে ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র। নিহত ছৈয়দা বেগম স্থানীয় বাসিন্দা সাব্বির আহমদের স্ত্রী। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের দাবি, কয়েক দিন আগে টাইপালং মাদ্রাসার দেয়ালে রাজনৈতিক স্লোগান লেখা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন স্থানীয় এক ছাত্রদলকর্মী। সেই পোস্টে ‘হা হা’ রিয়েক্ট দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মো. ইউনুস। এরপর বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে ইউনুসকে আটক করে কয়েকজন যুবক মারধর করেন। এ সময় তাকে ছাড়াতে গেলে তার বন্ধু ও স্থানীয় এনজিওকর্মী এসএম ইমরানও হামলার শিকার হন। পরে ছেলেকে রক্ষা করতে ঘটনাস্থলে গেলে ইমরানের মা ছৈয়দা বেগম অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে ইমরান অভিযোগ করেন, স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী হামলায় অংশ নেন। তার দাবি, হামলায় পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হয়েছেন। তিনি অভিযুক্তদের বিরুদ্ধে বিচার দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তিরা। তাদের ভাষ্য, ঘটনাস্থলে তারা উপস্থিত ছিলেন না এবং ছৈয়দা বেগম স্বাভাবিকভাবে অসুস্থ হয়ে মারা গেছেন। পরিকল্পিতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তাদের জড়ানো হচ্ছে বলেও দাবি করেন তারা।

উপজেলা বিএনপির নেতারাও হামলার অভিযোগ নাকচ করেছেন। তাদের বক্তব্য, ঘটনার সুষ্ঠু তদন্তে সত্যতা প্রমাণিত হলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনার পর মো. ইউনুসকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। উখিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন