Wednesday, July 8, 2026

ভুয়া ভ্রমণ বিলের মাধ্যমে ১৮.৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, বিএমপির তিন কনস্টেবল সাময়িক বরখাস্ত


প্রতীকী ছবিঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। বরিশাল 

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভুয়া ভ্রমণ ব্যয়ের বিল তৈরি করে প্রায় ১৮ লাখ ৬১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো. আব্দুল হান্নান। এর আগে সোমবার (৬ জুলাই) তিনি এ-সংক্রান্ত বরখাস্তের আদেশে স্বাক্ষর করেন।

সাময়িক বরখাস্ত হওয়া তিন পুলিশ সদস্য হলেন—বিএমপির হিসাব শাখার কম্পিউটার অপারেটর কনস্টেবল মো. মারুফ হাসান, নন-গেজেটেড ভ্রমণ ব্যয় বিল শাখায় দায়িত্ব পালনকারী কনস্টেবল জয়দেব কুমার মজুমদার এবং মেট্রো কোর্ট পুলিশে কর্মরত কনস্টেবল মো. সঞ্জীব মিয়া।

বিএমপি সংশ্লিষ্ট সূত্র জানায়, হিসাব শাখায় দায়িত্ব পালনের সময় অভিযুক্তরা কৌশলে অন্য এক কর্মকর্তার ইউজার আইডি ব্যবহার করে একাধিক ভুয়া ভ্রমণ ব্যয়ের বিল প্রস্তুত করেন। পরে সেই বিলের বিপরীতে সরকারি কোষাগার থেকে মোট ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া যায়।

প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনজনকেই সাময়িক বরখাস্ত রাখা হবে।

উপ-পুলিশ কমিশনার মো. আব্দুল হান্নান বলেন, অভিযুক্ত সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে চূড়ান্ত বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএমপি সূত্র বলছে, সরকারি অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম বা জালিয়াতির অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন