Tuesday, May 26, 2026

ভুয়া পরিচয়ে চাকরির নামে কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেফতার


ছবিঃ চক্রের মূলহোতা মো. তারেক সরকার (৪০) এবং তার সহযোগী মো. পলাশ কবির (৪২) (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। নরসিংদী 

সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সামরিক কর্মকর্তাদের ভুয়া পরিচয় ব্যবহার করে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে একটি চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

সোমবার সকালে কেরানীগঞ্জে র‍্যাব-১০ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির অধিনায়ক মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানান। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তা মোল্লা ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন।

র‍্যাব জানায়, রোববার নরসিংদী সদর ও ঢাকার সায়েদাবাদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে চক্রের মূলহোতা মো. তারেক সরকার এবং তার সহযোগী মো. পলাশ কবির-কে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তারেক সরকার ২০০৬ সালে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন। পরে তথ্য গোপন করে কারা অধিদপ্তরে চাকরি নেন। সেখানে দীর্ঘদিন কর্মরত থাকার পর ২০২০ সালে আবারও চাকরি হারান। এরপর সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি প্রতারণার নেটওয়ার্ক গড়ে তোলেন।

র‍্যাবের দাবি, তারেক সরকার ভুয়া ও বিশেষ সুবিধাপ্রাপ্ত মোবাইল সিম ব্যবহার করে দেশের উচ্চপদস্থ সরকারি ও সামরিক কর্মকর্তাদের পরিচয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনা করতেন। এসব অ্যাকাউন্টের মাধ্যমে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চাকরিপ্রার্থীদের বিশ্বাস অর্জনের জন্য তিনি বিভিন্ন কর্মকর্তার ছবি ব্যবহার করে ফটোশপের মাধ্যমে নিজের সঙ্গে যৌথ ছবি তৈরি করতেন। এসব ছবি দেখিয়ে নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারেক সরকার স্বীকার করেছেন, গত তিন বছরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি প্রায় এক থেকে দেড় কোটি টাকা আত্মসাৎ করেছেন।

গ্রেফতারের পর তার বাসায় অভিযান চালিয়ে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, ভুয়া নথি ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। পরে তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন