- ২৬ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। চট্টগ্রাম
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা তাদের পুরোনো আধিপত্য ধরে রাখতে চাইছে, তবে সরকার তা কোনোভাবেই প্রশ্রয় দেবে না।
মঙ্গলবার দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, “জঙ্গল সলিমপুরে যে দুঃসাহসিকতা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখা গেছে, তা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।”
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহাসড়ক নিরাপত্তা, পশুর হাট এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের প্রস্তুতি তুলে ধরতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
সাম্প্রতিক সময়ে র্যাব ও পুলিশের ওপর হামলার বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরসহ কয়েকটি এলাকায় সংঘটিত ঘটনাগুলো সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে এলাকাটি কার্যত “রাষ্ট্রের ভেতরে আরেক রাষ্ট্র” হিসেবে গড়ে উঠেছিল। তবে বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
মন্ত্রী জানান, জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার ও একাধিক দাগি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাটিকে স্থিতিশীল করতে সেখানে পুলিশ একাডেমি, র্যাব একাডেমি এবং ক্রীড়া কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে।
তিনি আরও বলেন, “দেশের কোথাও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় থাকতে দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।”
ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের সাত দিন আগে থেকে সাত দিন পর পর্যন্ত সারাদেশে নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহাসড়কগুলো সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে এবং অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে।
টাঙ্গাইলে সাম্প্রতিক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করে তিনি বলেন, যাত্রী ও চালকদের সচেতনতা বাড়ানো গেলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব।
পশুর হাটে জাল নোট প্রতিরোধে বিভিন্ন ব্যাংকের সহযোগিতায় জাল নোট শনাক্তকারী মেশিন সরবরাহ করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি অননুমোদিত পশুর হাট বন্ধে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও পৌরসভাগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া টোল প্লাজায় যানজট কমাতে প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর বিষয়েও সরকার চিন্তাভাবনা করছে বলে জানান তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কোথাও কোথাও গোলাগুলির ঘটনা ঘটলেও তা পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করা হচ্ছে এবং পরিস্থিতি নিয়ে জাতীয় পর্যায়ে উদ্বেগের কিছু নেই।
সাভারে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য পেলে সরকার তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।