Tuesday, May 26, 2026

ঝিনাইদহে বিএনপি ও পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ হাসনাত আবদুল্লাহর


ছবিঃ ঝিনাইদহ সংবাদ সম্মেলনে কথা বলছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঝিনাইদহ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, বর্তমান সরকার পুলিশ প্রশাসন ও বিচার বিভাগকে দলীয় প্রভাবের আওতায় নেওয়ার চেষ্টা করছে। তিনি দাবি করেন, বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন করা হচ্ছে এবং পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।

সোমবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্প্রতি এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী-এর ওপর ডিম নিক্ষেপ এবং পরবর্তী সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রেক্ষাপটে জেলা এনসিপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

হাসনাত আবদুল্লাহ বলেন, গত কয়েক দিনে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে জুলাই অভ্যুত্থানের পর কাঙ্ক্ষিত পরিবর্তন ঘটেনি। তার ভাষ্য, একটি নিরপেক্ষ পুলিশ বাহিনী গড়ে ওঠার প্রত্যাশা থাকলেও বাস্তবে দলীয় প্রভাবের অভিযোগ সামনে আসছে।

তিনি আরও বলেন, অতীতে যেমন পুলিশ সরকারদলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যবহৃত হয়েছে, বর্তমান পরিস্থিতিতেও একই প্রবণতা দেখা যাচ্ছে। পুলিশ সদস্যদের ওপর পদোন্নতি ও বদলির চাপ সৃষ্টি করে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বিচার বিভাগ প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, বিচার বিভাগীয় কাঠামো দুর্বল করে বিচারকদের স্বাধীনতা সীমিত করা হচ্ছে। তার দাবি, প্রশাসনিক নিয়ন্ত্রণের মাধ্যমে বিচার বিভাগের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা চলছে।

ঝিনাইদহের সাম্প্রতিক সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, এনসিপি নেতা তারেক রেজা ও যুবশক্তির নেতাদের গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। একই সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মামলা গ্রহণে বিলম্ব নিয়েও সমালোচনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জাতীয় যুবশক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদসহ এনসিপি ও যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতারা।

পরে এনসিপি ও যুবশক্তির নেতাকর্মীরা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। সাম্প্রতিক সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলার ঘটনায় ঝিনাইদহের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্থানীয়ভাবে উত্তেজনা বিরাজ করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন