- ২৬ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঝিনাইদহ
ঝিনাইদহে ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা জামিন পেয়েছেন। তবে একই মামলায় জাতীয় যুবশক্তির সংগঠক অয়ন রহমান খান-এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার ঝিনাইদহ আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির ঝিনাইদহ জেলা যুগ্ম সমন্বয়ক হামিদ পারভেজ।
আদালত সূত্র জানায়, আসামিপক্ষের আইনজীবীরা তারেক রেজা ও অয়ন রহমান খানের জামিন চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করলেও অয়নের আবেদন নাকচ করে দেন।
আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন এনসিপির আইনবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মুসা, সহ-আইন সম্পাদক হুমায়রা নূরসহ আরও কয়েকজন আইনজীবী।
এর আগে রোববার ছাত্রদলের এক নেতার দায়ের করা মামলায় পুলিশ তারেক রেজাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদের সামনে। জুমার নামাজ শেষে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী-এর ওপর ডিম নিক্ষেপকে কেন্দ্র করে ছাত্রদল ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
ঘটনার পর ওই রাতেই তারেক রেজা বাদী হয়ে জেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কসহ ৮ জনের নাম উল্লেখ করে মোট ১২৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পরদিন সকালে পাল্টা মামলা করেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল কবির। তার মামলায় তারেক রেজাসহ এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।
সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলাjর ঘটনায় ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।