- ২৬ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনেই বিভিন্ন খাতে দৃশ্যমান ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তিনি দাবি করেন, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও সংকটের পর প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে সরকার গণতন্ত্র ও জনসম্পৃক্ততার নতুন ধারা প্রতিষ্ঠার চেষ্টা করছে।
সোমবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
মাহদী আমিন বলেন, সরকার গঠনের পর থেকেই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রতিটি মন্ত্রণালয়কে ১৮০ দিনের কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে নেওয়া উদ্যোগ জনগণের মধ্যে নতুন আশাবাদ তৈরি করেছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি জানান, নারীকেন্দ্রিক সামাজিক সুরক্ষা জোরদারে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চালু করা হয়েছে। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, খতিব ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিদের জন্য সম্মানী প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত চার্জ প্রত্যাহার করা হয়েছে।
কৃষি খাতের বিষয়ে মুখপাত্র বলেন, ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে কৃষি ব্যবস্থাপনাকে ডিজিটাল কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। খাল খনন কর্মসূচি এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতির কথাও উল্লেখ করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে মাহদী আমিন বলেন, সরকার সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে বিদ্বেষ বা অপপ্রচার যেন ছড়ানো না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও জানান, গত ১৭ ফেব্রুয়ারি থেকে ২৪ মে পর্যন্ত মন্ত্রিসভার ১০টি বৈঠকে মোট ৬০টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে ৩৭টি বাস্তবায়িত হয়েছে এবং বাকিগুলোর কাজ চলমান রয়েছে।
ঈদ উপলক্ষে শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে সরকার বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় করছে বলেও জানান মুখপাত্র। এছাড়া ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ ট্রেন ও নৌসেবা চালু, নারীদের জন্য ট্রেনে আলাদা কম্পার্টমেন্ট এবং মনিটরিং সেল গঠনের কথাও তুলে ধরেন তিনি।
স্বাস্থ্য খাতে সরকারের উদ্যোগের বিষয়ে মাহদী আমিন বলেন, হামের টিকা এনে প্রায় শতভাগ শিশুকে টিকাদানের আওতায় আনা হয়েছে। একই সঙ্গে মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি এবং স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা ও বিচার ব্যবস্থার বিভিন্ন উদাহরণও তুলে ধরা হয়। পল্লবীর শিশুহত্যা মামলায় দ্রুত চার্জশিট দাখিল এবং মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় স্বল্প সময়ে মৃত্যুদণ্ড ঘোষণার বিষয়কে দ্রুত বিচার নিশ্চিতের উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।
অর্থনীতি ও প্রবাসী আয়ের বিষয়ে মুখপাত্র বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি হয়েছে। একই সঙ্গে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে এবং মাসিক রেমিট্যান্স প্রায় ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রায় দুই লাখ ফ্রিল্যান্সারকে রাষ্ট্রীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং বন্ধ শিল্পকারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান এবং প্রেস উইংয়ের অন্যান্য কর্মকর্তারা।