- ১১ নভেম্বর, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভ্রমণ পরিকল্পনা সেবা ‘ওডেসিয়া’ অধিগ্রহণ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ফ্রান্সিস ডেভিডসন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, এখন থেকে ওপেনএআইয়ে কাজ করবেন এবং ভ্রমণ খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে কাজ করবেন।
তবে অধিগ্রহণের আর্থিক শর্ত বা চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি। প্রযুক্তি খাতের সংশ্লিষ্টদের ধারণা, এটি মূলত একটি ‘অ্যাকুই-হায়ার’ চুক্তি যেখানে কোনো প্রতিষ্ঠানের প্রযুক্তি বা ব্যবসার পাশাপাশি দক্ষ প্রতিষ্ঠাতাকেও নিজেদের দলে যুক্ত করে অধিগ্রহণকারী প্রতিষ্ঠান।
ডেভিডসন তাঁর ঘোষণায় ওডেসিয়া গড়ে তোলার অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। কৃত্রিম বুদ্ধিমত্তার একাধিক এজেন্টের সমন্বয়ে পরিচালিত এ প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের ভ্রমণ পরিকল্পনায় সহায়তা করত। মাত্র এক বছর আগে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি সিকোইয়া ক্যাপিটালের নেতৃত্বে ৬০ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ পেয়েছিল। প্রায় পাঁচ মাস আগে আনুষ্ঠানিকভাবে তাদের এআই ভ্রমণ সহকারী চালু করা হয়।
ডেভিডসনের দাবি, প্রাথমিক পর্যায়ের ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটি লাখ লাখ ডলারের ভ্রমণ পরিকল্পনা তৈরিতে সহায়তা করেছে। তবে ওপেনএআইয়ের সঙ্গে চুক্তির পর ওডেসিয়ার সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
ওপেনএআইয়ের একজন মুখপাত্রও ফ্রান্সিস ডেভিডসনের প্রতিষ্ঠানটিতে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। টেকক্রাঞ্চকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভ্রমণ খাতে একাধিক ব্যবসা গড়ে তোলার অভিজ্ঞতা রয়েছে ডেভিডসনের। তাঁকে দলে পেয়ে প্রতিষ্ঠানটি আনন্দিত এবং তাঁর সঙ্গে নতুন কিছু গড়ে তোলার বিষয়ে আশাবাদী।
যদিও ভ্রমণকেন্দ্রিক নতুন কোনো পণ্য বা সেবা চালুর পরিকল্পনা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ওপেনএআই। তবে বুকিং ডটকম, এক্সপিডিয়া ও কায়াকের মতো ভ্রমণসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের গ্রাহক বা অংশীদারত্ব রয়েছে। ব্যক্তিগত এআই সহকারীর ব্যবহারের ক্ষেত্র হিসেবেও ভ্রমণ পরিকল্পনা ক্রমেই গুরুত্ব পাচ্ছে।
২০২৫ সালের জুলাইয়ে চ্যাটজিপিটি এজেন্ট চালুর সময়ও ভ্রমণ পরিকল্পনাকে সম্ভাব্য ব্যবহারের একটি ক্ষেত্র হিসেবে উল্লেখ করেছিল ওপেনএআই। প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, প্রতি সপ্তাহে প্রায় ১২০ কোটি মানুষ দৈনন্দিন বিভিন্ন কাজে চ্যাটজিপিটি ব্যবহার করেন। এর মধ্যে স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বোঝা, খাবারের পরিকল্পনা, ব্যক্তিগত বাজেট তৈরি এবং ভ্রমণের আয়োজনও রয়েছে। এসব অভিজ্ঞতাকে আরও কার্যকর করে তোলার সুযোগ দেখছে প্রতিষ্ঠানটি।
তবে ভ্রমণ খাতে নতুন কী ধরনের সেবা আসতে পারে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ওপেনএআই। প্রতিষ্ঠানটির মুখপাত্র শুধু বলেছেন, ব্যবহারকারীরা নিয়মিতই চ্যাটবটের কাছে ভ্রমণসংক্রান্ত সহায়তা চান।
ডেভিডসনের ওপেনএআইয়ে যোগ দেওয়ার বিষয়টি প্রযুক্তি ও ভ্রমণ—দুই খাতেই আগ্রহ তৈরি করেছে। কারণ, এর আগে তিনি ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ‘সন্ডার’ নামে একটি ভ্রমণ ও আবাসনভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি অনেকটা এয়ারবিএনবির মতো হলেও বড় শহরগুলোতে উচ্চমানের অ্যাপার্টমেন্ট স্বল্পমেয়াদে ভাড়া দেওয়ার ওপর গুরুত্ব দিত।
একপর্যায়ে সন্ডার দ্রুত সম্প্রসারিত হয়ে ‘ইউনিকর্ন’ প্রতিষ্ঠানের মর্যাদা পায়। প্রতিষ্ঠানটির আয় ১৪ কোটি ৩০ লাখ ডলারে পৌঁছেছিল। তবে করোনাভাইরাস মহামারির কারণে ব্যবসায় বড় ধাক্কা লাগে। পরবর্তী সময়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে বিশেষ উদ্দেশ্যভিত্তিক অধিগ্রহণ কোম্পানির (এসপিএসি) মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হলেও প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারেনি প্রতিষ্ঠানটি।
২০২৫ সালের জুনে প্রধান নির্বাহীর পদ ছাড়েন ডেভিডসন। একই বছরের নভেম্বরে ম্যারিয়টের সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীদারত্ব ভেঙে যাওয়ার পর সন্ডার দেউলিয়া হওয়ার প্রক্রিয়ায় যায় এবং কার্যক্রম গুটিয়ে নেয়। পরে ২০২৬ সালে দেউলিয়া প্রক্রিয়ার দায়িত্বে থাকা ট্রাস্টি প্রতিষ্ঠানটির নাম, ট্রেডমার্ক ও ওয়েবসাইটের ডোমেইন ‘ট্রাভেলএআই’-এর কাছে বিক্রি করেন। বর্তমানে ওই ওয়েবসাইটে সন্ডারের আগের ব্যবসার ধরনসংশ্লিষ্ট ভ্রমণ আবাসনের বাছাইকৃত নির্দেশিকা তুলে ধরা হচ্ছে।
সন্ডারের ব্যবসায়িক পতন সত্ত্বেও ভ্রমণ খাতে ডেভিডসনের অভিজ্ঞতা ও উদ্যোক্তা হিসেবে তাঁর পরিচিতি প্রযুক্তি অঙ্গনে গুরুত্ব পাচ্ছে। এবার ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত হয়ে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভ্রমণসেবার উন্নয়নে কী ভূমিকা রাখেন, তা দেখার অপেক্ষায় রয়েছে প্রযুক্তি ও ভ্রমণশিল্পের সংশ্লিষ্টরা।