- ১৬ জুন, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ভোলা
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদের জেরে এক কলেজছাত্রের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন ভোলা সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মামুন (২৫)। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের সদস্যরা জানান, গত বুধবার সন্ধ্যায় বড়মানিকা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা মামুনকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় সূত্র ও পরিবারের দাবি, কিছুদিন আগে এলাকার এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে পাশের কুড়ালিয়া এলাকার বাসিন্দা মো. শামীমের বিরুদ্ধে। ওই ছাত্রী মামুনের আত্মীয় হওয়ায় তিনি বিষয়টির প্রতিবাদ করেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়েছে বলে জানানো হলেও সেই ঘটনার জের ধরে মামুনের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আহত মামুনের ভাষ্য, ঘটনার দিন তিনি একা থাকাকালে শামীম ও তার সহযোগীরা তার পথরোধ করে হামলা চালায়। এ সময় লোহার রড দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন।
সোমবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামুনের পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। তারা বলেন, একজন শিক্ষার্থীর ওপর এমন নৃশংস হামলা এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে।
এ ঘটনায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দোষীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
তবে অভিযুক্ত শামীমের ভাই আব্দুস সালাম দাবি করেছেন, এর আগে তার ভাইও মারধরের শিকার হয়েছিল। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে জানান। একই সঙ্গে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে বলে মন্তব্য করেন।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, এ বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।