- ০৩ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ির দরজার সামনে সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জামায়াতের নেতা-কর্মীরা দাঁড়িপাল্লা পক্ষে প্রচারপত্র বিতরণ ও প্রচারণা শুরু করেন। একপর্যায়ে তারা চৌকিদার বাড়ি এলাকায় প্রবেশ করলে সেখানে অবস্থানরত বিএনপির কর্মীদের সঙ্গে কথা কাটাকাটির সূত্র ধরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় এবং দ্রুত সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালীন লাঠি, কোদাল ও দেশি অস্ত্র ব্যবহৃত হয়েছে।
সংঘর্ষে জামায়াতের টবগী ইউনিয়ন আমির আবদুল হালিম ও তার সহকর্মী মো. ফয়জুল্লাহ, মো. ইমন, মো. শাহে আলম, মো. রায়হান, মো. শামীম, মো. তানজিল আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা আবদুল হালিম ও ফয়জুল্লাহকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিএনপির পক্ষ থেকে জানা গেছে, এ ঘটনায় তাদের অন্তত পাঁচজন কর্মী আহত হয়েছেন।
বিএনপি নেতা কাজী মো. আজম অভিযোগ করেছেন, “জামায়াতের নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে বিএনপির সমর্থকদের বাড়িতে প্রবেশ করে হুমকি দিয়ে ভোট চাইলে প্রতিবাদ করা হয়। সেই প্রতিবাদে তারা ভাঙচুর চালায়।” অন্যদিকে জামায়াত নেতা মোহাম্মদ মাকসুদুর রহমান দুপুরে একটি সংবাদ সম্মেলনে দাবি করেন, হাসপাতালেও তাদের নেতা-কর্মীদের হুমকি দেওয়া হয়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মনোরঞ্জন বর্মন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।