- ২৬ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানিয়েছে রাবেয়া অ্যাগ্রো ফার্ম। লালগালিচা, রঙিন ধোঁয়া ও রাজকীয় সাজসজ্জায় মহিষটিকে বিদায় জানানোর দৃশ্য দেখতে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত খামারটিতে এই আয়োজন করা হয়। খামার সূত্রে জানা যায়, রাজধানীর জিঞ্জিরা এলাকার বাসিন্দা মো. সামির আগেই মহিষটি কিনে রেখেছিলেন। নির্ধারিত দিনে মহিষটি নিতে এলে খামার কর্তৃপক্ষ বিশেষ বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।
খামারের কর্মীরা দুপুর থেকেই প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটিকে গোসল করিয়ে সাজানোর কাজ শুরু করেন। পরে মাথায় বিশেষ অলংকার ও গায়ে রাজকীয় পোশাক পরিয়ে লালগালিচার ওপর দিয়ে হাঁটিয়ে গাড়িতে তোলা হয়। পুরো সময়জুড়ে উপস্থিত দর্শনার্থীরা মোবাইল ফোনে ভিডিও ও ছবি ধারণ করেন।
খামারটির স্বত্বাধিকারী জিয়াউদ্দিন মৃধা বলেন, “ডোনাল্ড ট্রাম্প আমাদের খামারের জন্য বিশেষ এক স্মৃতি হয়ে থাকবে। ওর কারণে শুধু দেশেই নয়, বিদেশেও আমাদের খামারের পরিচিতি তৈরি হয়েছে।”
খামার কর্তৃপক্ষ জানায়, এলভিনো জাতের এই মহিষটির চুলের স্টাইল অনেকটা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মতো হওয়ায় মজার ছলে তার নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ভাইরাল হলে মহিষটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
খামার সূত্রে আরও জানা যায়, মহিষটি লাইভ ওয়েটে প্রতি কেজি ৫৫০ টাকা দরে বিক্রি করা হয়েছে। ভাইরাল হওয়ার পর প্রতিদিন শত শত মানুষ এটি দেখতে খামারে আসতেন। ঢাকা, নারায়ণগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে দর্শনার্থীরা ভিড় জমাতেন।
খামারের কর্মচারী কাউসার বলেন, “এত মানুষের ভালোবাসা পাওয়া কোনো পশুর জন্য বিরল ঘটনা। ডোনাল্ড ট্রাম্পকে আমরা কখনো ভুলব না।”
স্থানীয় বাসিন্দা মিলন মিয়া বলেন, “নারায়ণগঞ্জের একটি খামারের মহিষ আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়।”
এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও মহিষটি নিয়ে আগ্রহ দেখা গেছে। বিভিন্ন বিদেশি গণমাধ্যমে এটি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে ‘ডোনাল্ড ট্রাম্প’।