- ২৬ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার দুপুরে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বেলা ১১টা ৪১ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা এলাকায়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪, যা স্বল্পমাত্রার হিসেবে বিবেচিত।
বিষয়টি নিশ্চিত করেছেন রুবাইয়াৎ কবীর। তিনি বলেন, এটি ছোট মাত্রার ভূমিকম্প হওয়ায় আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
ভূমিকম্পের সময় রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ কম্পন অনুভব করেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভূকম্পনের অভিজ্ঞতা শেয়ার করেন। রাজধানীর ক্রিসেন্ট রোড এলাকার এক বাসিন্দা জানান, হঠাৎ মাথা ঘোরার মতো অনুভূতি হয় এবং মোবাইল ফোনে ভূমিকম্প সতর্কবার্তা পাওয়ার পর তিনি বিষয়টি বুঝতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, ভূতাত্ত্বিক অবস্থানের কারণে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে রয়েছে। তিনটি ভূমিকম্পপ্রবণ টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছাকাছি অবস্থান করায় দেশে মাঝেমধ্যেই ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
তবে সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মতো তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ এলাকাতেও ভূকম্পনের ঘটনা বাড়তে দেখা যাচ্ছে।