- ২৬ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। দিনাজপুর
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনির রেলগেটে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর কয়েক ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়।
মঙ্গলবার ভোরে ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস বড়পুকুরিয়া রেলগেট অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রাকটির চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
আহত যাত্রীদের উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজন ট্রেনের ছাদে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রেজাউল ইসলাম। তিনি জানান, দুর্ঘটনার পর প্রায় পাঁচ ঘণ্টা ট্রেনটি ঘটনাস্থলে আটকে ছিল। পরে উদ্ধার কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক করা হয়।
প্রত্যক্ষদর্শী লুৎফর রহমান জানান, ফজরের নামাজের জন্য বের হওয়ার সময় বড়পুকুরিয়া রেলগেট এলাকার কাছে হঠাৎ বিকট শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের চিৎকার ও আতঙ্কিত অবস্থা দেখতে পান তিনি।
স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনার সময় গেটকিপার দায়িত্বে অবহেলা করেছেন। তাদের দাবি, রেলগেট যথাসময়ে বন্ধ না করায় ট্রাকটি লাইনে উঠে পড়ে এবং এ দুর্ঘটনা ঘটে।
তবে এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।