- ২৬ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় আমিনুল ইসলাম নামে এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। পরিবারের দাবি, মাদক সেবন ও অনলাইন জুয়ার জন্য টাকা না পেয়ে সে আত্মহত্যা করেছে।
সোমবার বিকেলে তাহিরপুর থানা পুলিশ উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর সীমান্ত গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত আমিনুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম-এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ধর্নার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
মঙ্গলবার নিহতের বড় ভাই সোহেল জানান, গত প্রায় দুই বছর ধরে আমিনুল স্থানীয় কিছু বখাটে তরুণের সংস্পর্শে এসে ইয়াবা সেবন ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে পড়ে। এ নিয়ে পরিবারের সঙ্গে প্রায়ই তার বিরোধ হতো।
পরিবারের দাবি, সম্প্রতি মাদক সেবন ও জুয়ার জন্য টাকা না পেয়ে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় সে।
এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পরিবারের সদস্য ও স্থানীয়দের বক্তব্য অনুযায়ী নিহত কিশোর মাদক ও অনলাইন জুয়ার প্রতি আসক্ত ছিল বলে জানা গেছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।