- ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
সরকার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটগ্রহণের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে বৃহস্পতিবার জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে ২১ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটরা ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার অধিকার ভোগ করবেন। তারা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারা অনুযায়ী জনস্বার্থে এবং নির্বাচনের সময় আচরণবিধি রক্ষা নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন।
সরকারি নির্দেশনায় বলা হয়েছে, নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ২৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট বা রিটার্নিং অফিসারের কাছে যোগদান বা রিপোর্ট করা বাধ্যতামূলক। জেলা ম্যাজিস্ট্রেটরা তাদের অধিক্ষেত্রে ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব ও মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করবেন। এছাড়া প্রতিদিনের কার্যক্রমের তথ্যও জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারের নিকট পাঠানো হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে ভোটের সময় কোনো ধরনের বিশৃঙ্খলা, নির্বাচনকালীন অপরাধ বা আচরণবিধি লঙ্ঘন প্রতিরোধ করা যায়।
বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট পরিচালনা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। এতে সাধারণ ভোটার, রাজনৈতিক দল এবং প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার পাশাপাশি নিয়ম-শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে।