- ১৪ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
গাজীপুরের টঙ্গীতে একটি নির্মাণাধীন ভবন থেকে ফারুক হোসেন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ভবনটির মালিকদের একজন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার ভোরে টঙ্গী পূর্ব থানার মরকুন পূর্বপাড়া এলাকার গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক হোসেন ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি টঙ্গীর মরকুন পূর্বপাড়া এলাকায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বায়তুল্লাহ জামে মসজিদের সামনে নির্মাণাধীন সাততলা ভবনটির মালিক পাঁচ ভাই। তাঁদের একজন ছিলেন ফারুক। ভবনের নির্মাণকাজ তদারকির জন্য তিনি নিয়মিত সেখানে অবস্থান করতেন এবং নিচতলায় থাকতেন।
বুধবার রাত সাড়ে ৯টার পর থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে কোনো একসময় ভবনের ষষ্ঠ তলায় লিফট ওয়ালের সঙ্গে নাইলনের রশি বাঁধা অবস্থায় তাঁর মরদেহ ঝুলতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।