Saturday, April 11, 2026

তিন দিনের উৎসব ছুটি শুধু স্কুল-কলেজে, মাদ্রাসায় নিয়মিত ক্লাস


ছবিঃ স্কুল শিক্ষার্থী (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

চলতি সপ্তাহে স্কুল ও কলেজ শিক্ষার্থীরা টানা তিন দিনের ছুটি পেলেও মাদ্রাসা শিক্ষার্থীদের ছুটিতে দেখা গেছে ভিন্নতা। শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, একই সময়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সমান ছুটি থাকছে না।

বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ উপলক্ষে স্কুল ও কলেজে টানা তিন দিন ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছুটি শেষে ১৫ এপ্রিল থেকে আবার স্বাভাবিক শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে।

তবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মাদ্রাসাগুলোতে এই তিন দিনের মধ্যে কেবল পহেলা বৈশাখের দিনটিতেই ছুটি থাকবে। ফলে ১২ ও ১৩ এপ্রিল মাদ্রাসায় নিয়মিত কার্যক্রম চালু থাকবে।

এ বিষয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, পহেলা বৈশাখ একটি সর্বজনীন সাংস্কৃতিক উৎসব হিসেবে দেশজুড়ে পালিত হয়, তাই এ দিনটি ছুটির অন্তর্ভুক্ত। তবে অন্যান্য উৎসব বা আচার-অনুষ্ঠান সব শিক্ষার্থীর জন্য সমানভাবে প্রাসঙ্গিক না হওয়ায় সেগুলো ছুটির তালিকায় রাখা হয়নি।

তিনি আরও বলেন, মাদ্রাসার শিক্ষাব্যবস্থা মূলত ধর্মীয় শিক্ষার ওপর ভিত্তি করে পরিচালিত হয়। তাই ছুটির তালিকা নির্ধারণের সময় সেই প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া হয়। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখতেও এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, একই সময়ে ভিন্নধর্মী ছুটির কারণে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে বলে জানা গেছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, ছুটির বিষয়ে পরিষ্কার নির্দেশনা প্রচার করা হলে এ ধরনের বিভ্রান্তি এড়ানো সম্ভব।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন