- ১১ এপ্রিল, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কারিগরি শিক্ষার বিদ্যমান সমস্যাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে কঠোর সতর্কবার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে পরীক্ষায় শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাই ব্যর্থতার মুখে পড়বেন।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট-এ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের নানা অভিযোগ শোনেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা অভিযোগ করেন, নিয়মিত ক্লাস না হওয়া, আধুনিক যন্ত্রপাতির অভাব এবং দক্ষ শিক্ষকের সংকটে পড়াশোনার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মেকানিক্যাল বিভাগের এক শিক্ষার্থী জানান, ল্যাবের যন্ত্রপাতি পুরোনো হওয়ায় হাতে-কলমে শেখার সুযোগ প্রায় নেই।
এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষকের কাছে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন আগে নির্মিত অবকাঠামোতেই এখনো পাঠদান চালাতে হচ্ছে। পর্যাপ্ত মেশিনারিজ না থাকায় ব্যবহারিক শিক্ষার মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে, ইন্টার্নশিপ নিয়ে অসন্তোষ প্রকাশ করে আরেক শিক্ষার্থী জানান, কোর্সের অংশ হিসেবে শিল্পপ্রতিষ্ঠানে কাজ করার কথা থাকলেও বাস্তবে অনেকেই সেই সুযোগ পাচ্ছেন না। এ বিষয়ে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, অনেক শিল্পপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিতে আগ্রহ দেখায় না।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, সরকার ও শিল্পখাতের মধ্যে চুক্তি থাকা সত্ত্বেও শিক্ষার্থীরা কেন সুযোগ পাচ্ছে না, তা খতিয়ে দেখা হবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
কারিগরি শিক্ষার উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় অর্থায়নের অভাব নেই, তবে কার্যকর পরিকল্পনা ও সঠিক বাস্তবায়ন জরুরি। সমস্যাগুলো চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।