- ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইছেন, তারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। সে সময় সাধারণ মানুষকে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছিল এবং অনেকের ঘরবাড়ি লুটপাটের শিকার হয় এ কথা ভোটারদের স্মরণ করিয়ে দেন তিনি।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির এই শীর্ষ নেতা।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল। এ আসনে তার বিপরীতে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. খাদেমুল ইসলাম নির্বাচনে অংশ নিচ্ছেন।
গণসংযোগকালে মির্জা ফখরুল বলেন, যারা আজ ভোট চাইতে আসছে, তারা একাত্তরে এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তিনি উপস্থিত জনগণের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, সে সময় মানুষ ঘরবাড়ি হারিয়েছিল এবং লুটতরাজের শিকার হয়েছিল এ কথা তারা ভুলে যায়নি।
বিএনপি ক্ষমতায় এলে দেশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ভয় ও আতঙ্ক কাজ করে, বিএনপি সেই ভয় দূর করতে চায়। তিনি বলেন, এই দেশ সবার, এখানে ধর্মভেদে সকল নাগরিকের সমান অধিকার রয়েছে।
মুক্তিযুদ্ধের সময়কার ত্যাগ ও সংগ্রামের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে এবং বিএনপি সেই স্বাধীনতার পক্ষেই অবস্থান করে এসেছে। তিনি বলেন, তারা কখনো দেশ ছেড়ে পালায়নি এবং ভবিষ্যতেও যাবে না; তারা দেশের ভেতর থেকেই জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায়।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি অতীতেও তাদের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভোট দেওয়ার পর কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে, সে বিষয়টি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা স্বাধীনতার চেতনা, আইনশৃঙ্খলা, কৃষি, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার কথা বলে, তাদেরই সমর্থন দেওয়া উচিত।
গণসংযোগ সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।