Monday, June 22, 2026

টাঙ্গাইলে দুই দিন নিখোঁজ থাকার পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ


প্রতীকী ছবিঃ নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। টাঙ্গাইল

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের দুই দিন পর সেঁজুতি রাণী সরকার (৮) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সেঁজুতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার বাসিন্দা ফালু চন্দ্র সরকারের মেয়ে। সে স্থানীয় আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবারের সদস্যরা জানান, গত শনিবার বিকেলে সেঁজুতি বাড়ি থেকে বের হয়ে উপজেলা পরিষদ মাঠে খেলতে যায়। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে আত্মীয়স্বজন ও স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানো হয় এবং থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।

সোমবার সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি উপজেলা পরিষদের পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি সেঁজুতির বলে শনাক্ত করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম দেখা দিয়েছে। স্থানীয়রাও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন