Thursday, May 14, 2026

তাহিরপুরে অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আহত ৪


ছবিঃ চার পুলিশ সদস্যকে হামলার অভিযোগে সাতজন গ্রেফতার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। সুনামগঞ্জ

সুনামগঞ্জের তাহিরপুরে মাদক ও জুয়াবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের চার সদস্য। এ ঘটনায় আহত হয়েছেন এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিন কনস্টেবল। হামলার ঘটনায় জড়িত অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উজান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন এএসআই মিরান হোসেন মোল্লা এবং কনস্টেবল বদরুল হোসেন, মিঠু মিয়া ও ভৈরব দাশ। পরে তাঁদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ওই এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান চালান। অভিযানের সময় স্থানীয় একটি দোকানঘরে জুয়ার আসরের সন্ধান পাওয়া যায়। সেখান থেকে জুয়ার সরঞ্জাম, নগদ টাকা জব্দ করা হয় এবং কয়েকজনকে আটক করা হয়।

অভিযান শেষে আটক ব্যক্তিদের থানায় নেওয়ার পথে একদল লোক সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে থানার অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত সদস্যদের উদ্ধার করে এবং অভিযুক্তদের মধ্যে সাতজনকে আটক করে থানায় নিয়ে আসে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নুর আমিন, সাকিবুল হাসান, আলমগীর মিয়া, লিটন মিয়া, ওলি হোসেন, আশরাফুল ও শাফুল আলম। এছাড়া আব্দুল বারিক নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বলেন, দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন