Thursday, May 14, 2026

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার হাফটাইম শো, মাতাবেন ম্যাডোনা-শাকিরা-বিটিএস


ছবিঃ বিশ্বকাপের নতুন আনুষ্ঠানিক গানটিও গাইবেন শাকিরা (সংগৃহীত । জেসন আরমন্ড/গেটি ইমেজেস)

স্টাফ রিপোর্ট: PNN 

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম দেখা যাবে সুপার বোলের আদলে জমকালো ‘হাফটাইম শো’। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে মঞ্চ মাতাবেন পপ তারকা ম্যাডোনা, লাতিন সংগীতশিল্পী শাকিরা এবং কে-পপ সুপারস্টার দল বিটিএস।

আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এই বিশেষ আয়োজনের সৃজনশীল তত্ত্বাবধানে থাকবেন ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের তারকা ক্রিস মার্টিন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, “বিশ্বকাপের মতো বিশাল ক্রীড়া আসরের জন্য এটি হবে এক ঐতিহাসিক আয়োজন।”

তবে এই আয়োজন ঘিরে নতুন বিতর্কও তৈরি হয়েছে। ফুটবলের নিয়ম অনুযায়ী বিরতি ১৫ মিনিট হলেও, বিশাল মঞ্চ ও পরিবেশনার কারণে হাফটাইম দীর্ঘ হওয়ার আশঙ্কা করছেন অনেকে। এর আগে ২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালেও হাফটাইম শো করেছিলেন শাকিরা, যা নির্ধারিত সময়ের চেয়ে বেশি দীর্ঘ হয়েছিল।

বিশ্বকাপের শেষ সপ্তাহজুড়ে নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার এলাকাতেও বিশেষ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ফিফা।

এদিকে বিশ্বকাপ উপলক্ষে নতুন অফিসিয়াল গান নিয়েও আলোচনায় রয়েছেন শাকিরা। “ডাই ডাই” শিরোনামের নতুন গানটি সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে ঝলক আকারে প্রকাশ করেছেন তিনি। গানটিতে তাঁর সঙ্গে কাজ করেছেন নাইজেরিয়ান শিল্পী বার্না বয়।

ভিডিওটি ধারণ করা হয়েছে ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। সেখানে বিশ্বকাপের অফিসিয়াল বল হাতে শাকিরাকে নাচতে ও গাইতে দেখা যায়। এর আগে ২০১০ বিশ্বকাপের জনপ্রিয় সংগীত “ওয়াকা ওয়াকা” দিয়েও বিশ্বজুড়ে সাড়া ফেলেছিলেন এই তারকা শিল্পী।

উল্লেখ্য, ৪৮ দলের অংশগ্রহণে সবচেয়ে বড় আয়োজনের এই বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। যৌথভাবে টুর্নামেন্টটির আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন