- ১৪ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তাঁর স্বামী সুরজ নাম্বিয়ার–এর দাম্পত্য জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে আনফলো করা এবং একসঙ্গে থাকা বিভিন্ন ছবি সরিয়ে ফেলার পর থেকেই ভক্তদের মধ্যে আলোচনা তুঙ্গে ওঠে।
ভারতীয় বিনোদন অঙ্গনের বিভিন্ন সূত্র বলছে, চলতি বছরের শুরু থেকেই নাকি তাঁদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। এরই মধ্যে সুরজের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও উঠেছে। পাশাপাশি, আর্থিক বিষয় নিয়েও নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এসব অভিযোগের সত্যতা নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
গুঞ্জনের আগুনে আরও ঘি পড়ে যখন অভিনেত্রী Disha Patani-ও সামাজিক মাধ্যমে সুরজকে আনফলো করেন। এরপর থেকেই নেটদুনিয়ায় বিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়ে ওঠে।
তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো স্পষ্ট বক্তব্য দেননি মৌনী বা সুরজ। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বার্তা শেয়ার করেন মৌনী। সেখানে তিনি সংবাদমাধ্যমকে উদ্দেশ করে লেখেন, “দয়া করে ভুয়া খবর ছড়াবেন না। এই সময়টাতে আমাদের একটু ব্যক্তিগত পরিসর দিন।” যদিও বিচ্ছেদের খবর সত্য কি না, সে বিষয়ে তিনি সরাসরি কিছু বলেননি।
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন মৌনী। জানা যায়, ২০১৯ সালে দুবাইয়ে নববর্ষ উদ্যাপনের সময় পারস্পরিক পরিচয়ের মাধ্যমে কাছাকাছি আসেন মৌনী ও সুরজ। দীর্ঘ সম্পর্কের পর পরিবারের সম্মতিতে ২০২২ সালের জানুয়ারিতে গোয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তাঁরা।