Tuesday, May 26, 2026

স্যামসাংয়ে বেতন চুক্তি ঘিরে বিতর্ক: আদালতে গড়াল ভোট স্থগিতের আবেদন


ছবিঃ দক্ষিণ কোরিয়ার সিউলে স্যামসাং ইলেকট্রনিক্সের অফিস ভবনে কোম্পানির লোগো সম্বলিত একটি পতাকা উড়ছে, ১৫ এপ্রিল, ২০২৫। (সংগৃহীত । রয়টার্স/কিম হং-জি/)

স্টাফ রিপোর্ট: PNN 

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্স–এ নতুন বেতন চুক্তি ঘিরে বড় ধরনের শ্রমিক অসন্তোষ তৈরি হয়েছে। স্মার্টফোন, টিভি ও হোম অ্যাপ্লায়েন্স বিভাগে কর্মরত একটি শ্রমিক ইউনিয়ন চুক্তি অনুমোদনের ভোট স্থগিত করতে আদালতের দ্বারস্থ হয়েছে।

ইউনিয়নটির অভিযোগ, সম্প্রতি সরকার-সমন্বিত যে বেতন চুক্তি হয়েছে তা মূলত কোম্পানির মেমোরি চিপ বিভাগের কর্মীদের বেশি সুবিধা দিচ্ছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–এর চাহিদা বৃদ্ধির কারণে লাভও ব্যাপকভাবে বেড়েছে।

ইউনিয়ন বলছে, এই চুক্তি নিয়ে ভোট প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি, যা তারা বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাই ভোট স্থগিতের জন্য আদালতে আবেদন করা হয়েছে।

গত সপ্তাহে হওয়া এই চুক্তির ফলে স্যামসাংয়ের প্রায় ৪৮ হাজার কর্মীর ১৮ দিনের ধর্মঘট এড়ানো সম্ভব হয়। চুক্তিতে মেমোরি চিপ বিভাগের কর্মীদের জন্য বড় অঙ্কের বোনাস নির্ধারণ করা হয়েছে, যা কিছু ক্ষেত্রে কয়েক লাখ ডলারে পৌঁছাতে পারে।

অন্যদিকে স্মার্টফোন ও গৃহস্থালি পণ্যের কর্মীরা তুলনামূলকভাবে কম সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কোম্পানির একটি অংশের কর্মীরা মনে করছেন, এআই খাতের লাভের সঠিক বণ্টন হয়নি।

চুক্তি অনুমোদনের জন্য ভোট প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী বুধবার তা শেষ হওয়ার কথা রয়েছে। শ্রমিক প্রতিনিধিদের দাবি, সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন না পেলে পুরো আলোচনা প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে।

এদিকে স্যামসাংয়ের আরেকটি শ্রমিক সংগঠন বলছে, ভোটে অংশগ্রহণকারীদের বড় অংশ চুক্তির পক্ষে থাকলেও অনেক কর্মী এখনো অসন্তুষ্ট। বিশেষ করে চিপ ও ফাউন্ড্রি বিভাগের কিছু কর্মীও বোনাস কাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিশ্লেষকদের মতে, এআই–নির্ভর চিপ বাজারে স্যামসাংয়ের দ্রুত উত্থান কোম্পানির আয়ের বড় অংশ বাড়ালেও সেই আয়ের বণ্টন নিয়ে ভেতরে ভেতরে বিভাজন তৈরি হয়েছে।

চুক্তি ঘিরে উত্তেজনার মধ্যেই মঙ্গলবার স্যামসাংয়ের শেয়ার মূল্য প্রায় দুই দশমিক দুই শতাংশ বৃদ্ধি পায়। তবে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর তুলনায় এই প্রবৃদ্ধি কিছুটা পিছিয়ে রয়েছে বলে বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন