Tuesday, May 26, 2026

আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডসে আবারও বর্ষসেরা বিটিএস


ছবিঃ বর্ষসেরা শিল্পী বিভাগে বিটিএস টেইলর সুইফট, ব্রুনো মার্স, ব্যাড বানি এবং লেডি গাগার মতো তারকাদের পেছনে ফেলেছে (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বিশ্বসংগীতের অন্যতম জনপ্রিয় ব্যান্ড বিটিএস টানা দ্বিতীয়বারের মতো আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস (এএমএ)-এ ‘বর্ষসেরা শিল্পী’ পুরস্কার জিতেছে। এই অর্জনের মধ্য দিয়ে বিশ্বসংগীত অঙ্গনে নিজেদের আধিপত্য আরও শক্তভাবে প্রতিষ্ঠা করল দক্ষিণ কোরিয়ার সাত সদস্যের এই ব্যান্ডটি।

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত এবারের আসরে বর্ষসেরা শিল্পীর পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগেও পুরস্কার জেতে বিটিএস। তাদের নতুন অ্যালবামের প্রধান গান ‘সুইম’ জিতে নেয় ‘গ্রীষ্মের সেরা গান’ পুরস্কার। এছাড়া ব্যান্ডটি পায় সেরা পুরুষ কে-পপ শিল্পীর স্বীকৃতিও।

২০২২ সালে সামরিক দায়িত্ব পালনের জন্য বিরতিতে যাওয়ার পর চলতি বছরের মার্চে নতুন অ্যালবাম ‘এরিরাং’ নিয়ে সংগীতজগতে ফিরে আসে বিটিএস। প্রত্যাবর্তনের পর থেকেই ব্যান্ডটি বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। বর্তমানে তারা প্রায় এক বিলিয়ন ডলারের বিশ্বভ্রমণ কনসার্ট সফরে রয়েছে।

পুরস্কার গ্রহণের সময় ব্যান্ডনেতা আরএম বলেন, “এটি ভক্তদের ভোটে নির্ধারিত পুরস্কার। তাই বিশ্বের সব আর্মিদের প্রতি আমাদের কৃতজ্ঞতা।”

বিটিএসের ভক্তগোষ্ঠী ‘আর্মি’ বিশ্বব্যাপী অন্যতম শক্তিশালী ভক্ত সম্প্রদায় হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যম, স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও কনসার্টে তাদের সক্রিয় উপস্থিতি ব্যান্ডটির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন সংগীত বিশ্লেষকেরা।

এদিকে এবারের আসরে আরও বেশ কয়েকজন শিল্পী আলোচনায় ছিলেন। সাবরিনা কার্পেন্টার তার অ্যালবাম ‘ম্যান’স বেস্ট ফ্রেন্ড’-এর জন্য ‘বর্ষসেরা অ্যালবাম’ পুরস্কার জিতেছেন। একই সঙ্গে তিনি সেরা নারী পপ শিল্পী ও সেরা পপ অ্যালবামের পুরস্কারও পান।

অন্যদিকে অ্যানিমেটেড চলচ্চিত্র ‘কে-পপ ডেমন হান্টার্স’-এর ভাইরাল গান ‘গোল্ডেন’ জিতে নেয় বছরের সেরা গানের পুরস্কার। গানটির শিল্পী ইজে এবং রেই আামি আরও কয়েকটি বিভাগে পুরস্কার পান।

এবারের অনুষ্ঠানে আরও পুরস্কার জিতেছেন জাস্টিন বিবার, শাকিরা, কেন্ড্রিক লামার, কার্ডি বি এবং ব্রুনো মার্স।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুইন লতিফা। মঞ্চে পারফর্ম করেন একাধিক জনপ্রিয় শিল্পী ও ব্যান্ড।

বিশ্লেষকদের মতে, নতুন অ্যালবাম ও বিশ্বভ্রমণ কনসার্টের সাফল্যের মধ্য দিয়ে বিটিএস আবারও প্রমাণ করেছে যে কে-পপ এখন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক সংগীত সংস্কৃতির অন্যতম শক্তিশালী অংশ।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন