- ২৬ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ নতুন একটি মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন। ‘পেনসিল হিল’ শিরোনামের এই গানের ভিডিও পরিচালনা করেছেন শোয়েব আহমেদ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গানটি গেয়েছেন আসিফ আলতাফ। শুধু কণ্ঠই নয়, গানের কথা লেখা ও সুর করার কাজও করেছেন তিনি। মিউজিক ভিডিওতে মৌয়ের সঙ্গে মডেল হিসেবেও দেখা যাবে এই শিল্পীকে।
মিউজিক ভিডিও প্রসঙ্গে সাদিয়া ইসলাম মৌ বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি একটি ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য ‘আমার গরুর গাড়িতে’ গানের ভিডিওতে অভিনয় করেছিলেন। এরপর দীর্ঘ সময় মিউজিক ভিডিওতে খুব একটা কাজ করা হয়নি। যদিও নিয়মিত প্রস্তাব পান, তবে গল্প ও গানের প্রতি আগ্রহ না থাকলে কাজ করেন না বলে জানান তিনি।
মৌ বলেন, ‘পেনসিল হিল’ নামটি শুনেই তার আগ্রহ তৈরি হয়। পরে গানটি শোনার পর আধুনিক জীবনের বিষাদ ও আবেগের উপস্থাপন তাকে আকৃষ্ট করে। সেই কারণেই তিনি ভিডিওটিতে কাজ করতে রাজি হন।
অন্যদিকে আসিফ আলতাফ জানান, গানটি অনেক আগেই লেখা ও সুর করা হয়েছিল। তবে তিনি এমন একজন শিল্পী খুঁজছিলেন, যিনি গানের আবহের সঙ্গে মানানসই হবেন। পরে শৈশবের প্রিয় তারকা মৌকে প্রস্তাব দেওয়ার কথা মাথায় আসে এবং তার সম্মতি পাওয়াকে আনন্দের বিষয় হিসেবে উল্লেখ করেন তিনি।
নির্মাতা সূত্রে জানা গেছে, ঈদের আগের রাতে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ‘পেনসিল হিল’ প্রকাশ করা হবে।