Tuesday, May 19, 2026

স্বাস্থ্যসংকট নিয়ে মুখ খুললেন অ্যামি শুমার, বললেন বাঁচার জন্যই ওজন কমিয়েছি


ফাইল ছবিঃ অ্যামি শুমার (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

হলিউড অভিনেত্রী অ্যামি শুমার আবারও নিজের স্বাস্থ্যসংকট নিয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে তিনি জানান, ভুলভাবে করা একটি কোলনোস্কপির কারণে তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে পড়ে। একই সঙ্গে কুশিং সিনড্রোমে আক্রান্ত হওয়া, দ্রুত ওজন কমানো এবং মানসিকভাবে কঠিন সময় পার করার অভিজ্ঞতাও তুলে ধরেন তিনি।

গত ১৭ মে ‘নট স্কিনি বাট নট ফ্যাট’ পডকাস্টের এক লাইভ পর্বে অংশ নেন অ্যামি শুমার। অনুষ্ঠানের সঞ্চালক তাঁর শারীরিক পরিবর্তন নিয়ে মন্তব্য করলে অভিনেত্রী হাস্যরসের ভঙ্গিতে বলেন, “আমার কোলনোস্কপি ঠিকভাবে হয়নি। তাই এখন খুব একটা স্বাভাবিক বা আকর্ষণীয় অনুভব করছি না।”

যদিও কী ধরনের জটিলতা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। তবে মজা করে বলেন, “অন্তত আগামী ১৫ বছর এটা নিয়ে আর ভাবতে হবে না।”

স্বাস্থ্যগত সমস্যার মধ্যেও বর্তমানে মানসিকভাবে আগের চেয়ে ভালো আছেন বলেও জানান তিনি। তাঁর ভাষায়, “জীবনের অন্য যেকোনো সময়ের চেয়ে এখন বেশি সুখী অনুভব করছি।”

২০২৪ সালের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লক্ষ্য করেন, অ্যামি শুমার–এর মুখ অস্বাভাবিকভাবে ফুলে গেছে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন।

পরে চিকিৎসকেরা জানান, তিনি কুশিং সিনড্রোমে আক্রান্ত হয়েছেন। এটি এমন একটি হরমোনজনিত সমস্যা, যেখানে শরীরে অতিরিক্ত কর্টিসল তৈরি হয়। অভিনেত্রীর দাবি, বিভিন্ন স্টেরয়েড ইনজেকশন নেওয়ার কারণেই তাঁর এই শারীরিক জটিলতা তৈরি হয়েছিল।

কুশিং সিনড্রোম থেকে সেরে ওঠার পর প্রায় ৫০ পাউন্ড ওজন কমান এই অভিনেত্রী। তবে সৌন্দর্যের জন্য নয়, নিজের সুস্থতার জন্যই এ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি।

গত ডিসেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি সুন্দর দেখানোর জন্য ওজন কমাইনি, আমি বাঁচার জন্য এটা করেছি।”

তিনি আরও জানান, বর্তমানে আগের তুলনায় অনেকটাই ব্যথামুক্ত এবং সুস্থ অনুভব করছেন।

নিজের শারীরিক পরিবর্তন নিয়ে কখনো লুকোছাপা করেননি অ্যামি শুমার। তিনি স্বীকার করেছেন, ওজন নিয়ন্ত্রণে রাখতে ‘মাউঞ্জারো’ নামের ওষুধ ব্যবহার করেছিলেন। পাশাপাশি অতীতে প্লাস্টিক সার্জারিও করিয়েছেন। তবে এখন আর বোটক্স বা ফিলার ব্যবহার করেন না বলেও জানান তিনি।

স্বাস্থ্যসংকটের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। গত ডিসেম্বরে তিনি জানান, স্বামী ক্রিস ফিশার–এর সঙ্গে সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। তবে বিচ্ছেদের পরও সন্তানের দেখভালকে দুজনই সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন তিনি।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন