- ১৭ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। খুলনা
সুন্দরবনে বিশেষ অভিযান চালিয়ে বনদস্যু করিম–শরীফ বাহিনীর দুই সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। আজ রোববার ভোরে চালানো এ অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ চারজন জেলেকে জিম্মিদশা থেকে উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের পশ্চিমাঞ্চল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার রবিউল শেখ (৩০) এবং মোরেলগঞ্জ উপজেলার রাজন শরীফ (২০)।
কোস্টগার্ডের দাবি, আটক রাজন শরীফ বনদস্যু করিম–শরীফ বাহিনীর দ্বিতীয় শীর্ষ কমান্ডার হিসেবে দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের অপহরণ এবং মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন।
কোস্টগার্ড জাহাজ ‘তৌফিক’-এর নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট আশিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় দস্যুদের একটি দল খুলনার দাকোপ থানার ঢাংমারী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এরপর ভোর ৪টার দিকে “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক, দুটি দেশীয় একনলা বন্দুক এবং ২৪টি কার্তুজ উদ্ধার করা হয়।
কোস্টগার্ড আরও জানায়, আটক রাজন শরীফের বিরুদ্ধে বাগেরহাট সদর থানায় একটি হত্যা মামলাও রয়েছে।
উদ্ধার করা চার জেলেকে নিরাপদে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।