Sunday, May 17, 2026

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজারের বেশি


ছবিঃ হামের উপসর্গে মৃত সন্তানের কপালে মাথা রেখে কান্নায় ভেঙে পড়েন মা শিউলি আক্তার (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, মারা যাওয়া ছয় শিশুর মধ্যে এক শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল, বাকি পাঁচজন হামের উপসর্গে মারা গেছে। নিহতদের মধ্যে বরিশালে একজন, ঢাকায় তিনজন, সিলেটে একজন এবং ময়মনসিংহে একজন শিশু রয়েছে।

এ সময়ে সারা দেশে ২৪৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তসহ মোট ১ হাজার ৫১৭ শিশু বর্তমানে হাম রোগে আক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৮৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৭৫ শিশু। সব মিলিয়ে এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫৯ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৫৭ হাজার ৮৪৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ৪২ হাজার ৯২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৩৭ হাজার ৭৪৪ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এছাড়া একই সময়ের মধ্যে ৭ হাজার ৭৬৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের এই দ্রুত বিস্তার পরিস্থিতিকে উদ্বেগজনক করে তুলছে এবং টিকাদান কার্যক্রম ও চিকিৎসা ব্যবস্থাপনা আরও জোরদার করার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন