Tuesday, May 19, 2026

শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিতে ঈদের আগে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত


ছবিঃ ব্যাংকের (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। তবে ঈদের আগে লেনদেন স্বাভাবিক রাখা এবং শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করতে নির্দিষ্ট দুই দিন ব্যাংক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন, বোনাস ও অন্যান্য আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে আগামী ২৩ ও ২৪ মে দেশের সব ব্যাংকের শাখা ও উপশাখা নিয়মিত সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংকগুলো ঈদের ছুটিতে বন্ধ থাকবে। তবে শিল্পাঞ্চলভিত্তিক কিছু শাখা সীমিত পরিসরে চালু রাখা হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঢাকা, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে অবস্থিত ব্যাংক শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত আকারে কার্যক্রম পরিচালনা করবে।

এসব শাখায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে। তবে গ্রাহকরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরাসরি লেনদেন করতে পারবেন।

এছাড়া আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের ছুটির মধ্যেও সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ঈদের দিন সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ছুটিকালীন দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা প্রচলিত নিয়ম অনুযায়ী অতিরিক্ত ভাতা ও সুবিধা পাবেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন