- ১৯ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে আর মাত্র এক ধাপ দূরে আর্সেনাল। বার্নলির বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে শিরোপার নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছে মিকেল আর্তেতার দল।
সোমবার দিবাগত রাতে এমিরেটস স্টেডিয়াম–এ অনুষ্ঠিত ম্যাচে বার্নলি–কে ১-০ গোলে হারায় গানাররা। ম্যাচের একমাত্র গোলটি করেন কাই হাভার্টজ।
প্রথমার্ধ শেষ হওয়ার নয় মিনিট আগে কর্নার থেকে ভেসে আসা বলে দারুণ হেডে জাল খুঁজে নেন জার্মান এই মিডফিল্ডার। পরে আর কোনো গোল না হলেও শেষ পর্যন্ত ওই এক গোলের ব্যবধানেই জয় নিশ্চিত করে আর্সেনাল।
এই জয়ের ফলে ৩৭ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট দাঁড়িয়েছে ৮২। অন্যদিকে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি–র সংগ্রহ ৭৭ পয়েন্ট।
এখন শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সিটির পরবর্তী ম্যাচ। আজ বাংলাদেশ সময় বোর্নমাউথের মাঠে খেলতে নামবে পেপ গার্দিওলার দল। সেই ম্যাচে সিটি যদি পয়েন্ট হারায়, তাহলে মাঠে না নেমেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে আর্সেনাল।
কারণ সেক্ষেত্রে শেষ ম্যাচ জিতলেও সিটির সর্বোচ্চ পয়েন্ট হবে ৮১, যা আর্সেনালের বর্তমান পয়েন্টের চেয়ে এক কম। তবে সিটি জয় পেলে শিরোপার লড়াই গড়াবে মৌসুমের শেষ ম্যাচ পর্যন্ত।
বার্নলির বিপক্ষে ম্যাচ শেষে মিকেল আর্তেতা বলেন, “আর মাত্র এক ধাপ বাকি। আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছি। এখন অপেক্ষা করতে হবে পরের ম্যাচের ফলাফলের জন্য। এরপর আমাদের মনোযোগ থাকবে শেষ ম্যাচের প্রস্তুতিতে।”
দীর্ঘ অপেক্ষার পর আবারও প্রিমিয়ার লিগ শিরোপার খুব কাছে পৌঁছে গেছে আর্সেনাল। এখন সমর্থকদের চোখ সিটির ম্যাচের দিকেই।