- ১৯ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
দীর্ঘ ইনজুরি ও ফিটনেস শঙ্কা কাটিয়ে অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা পেলেন তারকা ফরোয়ার্ড নেইমার। সাম্প্রতিক সময়ে তাঁর দলে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত ২০২৬ বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই ফুটবলার।
২০২৩ সালের অক্টোবরে বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টে গুরুতর চোট পাওয়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। এরপর থেকে পুরোপুরি ফিট হয়ে ওঠা নিয়ে সংশয় ছিল। অনেক সাবেক ফুটবলার ও স্থানীয় বিশ্লেষক মনে করেছিলেন, এবারের বিশ্বকাপ দলে হয়তো তাঁকে দেখা যাবে না।
তবে ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি সোমবার ঘোষিত দলে অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে রেখেছেন। গত বছর মে মাসে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়া ইতালিয়ান এই কোচ শুরুতে নেইমারকে দলে ডাকেননি। কিন্তু শেষ পর্যন্ত তাঁর অভিজ্ঞতার ওপরই আস্থা রাখলেন তিনি।
স্কোয়াডে আরও জায়গা পেয়েছেন সাম্প্রতিক সময়ে ব্রাজিলের আক্রমণভাগের ভরসা ভিনিসিয়ুস জুনিয়র ও রাফিনিয়া।
তবে ইনজুরির কারণে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না ব্রাজিল। বিশেষ করে ফরোয়ার্ড রদ্রিগো ও তরুণ প্রতিভা এস্তেভাও–এর অনুপস্থিতি দলকে ভাবাচ্ছে।
সম্প্রতি কার্লো আনচেলত্তি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে নিজের চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়েছেন। যদিও তাঁর সময়টা এখন পর্যন্ত খুব একটা সহজ যাচ্ছে না। ইনজুরি সমস্যার কারণে পূর্ণ শক্তির দল গঠন করতে পারছেন না তিনি।
গোলরক্ষক:অ্যালিসন, এদেরসন, ওয়েভারতন
রক্ষণভাগ:অ্যালেক্স সান্দ্রো, দানিলো, লিও পেরেইরা, ব্রেমার, ইবানেজ, ওয়েসলি, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস
মিডফিল্ডার:ব্রুনো গিমারাইস, কাসেমিরো, দানিলো সান্তোস, ফাবিনিও, লুকাস পাকেতা
আক্রমণভাগ: এন্দ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, মাতেউস কুনিয়া, রাফিনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র, লুইজ হেনরিকে, নেইমার ও রায়ান।