Tuesday, May 19, 2026

ফেডারেশন কাপ ফাইনাল একদিন পিছিয়ে বুধবার, কিংস অ্যারেনাতেই খেলবে মোহামেডান


ছবিঃ ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে মোহামেডান-বসুন্ধরা কিংস (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

ফেডারেশন কাপের বহুল প্রতীক্ষিত ফাইনাল নিয়ে তৈরি হওয়া জটিলতার অবসান হয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংস–এর মধ্যকার শিরোপা নির্ধারণী ম্যাচটি মঙ্গলবার হওয়ার কথা থাকলেও তা একদিন পিছিয়ে বুধবার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।

মঙ্গলবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জরুরি নির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরার নিজস্ব ভেন্যু কিংস অ্যারেনা–তেই।

ফাইনালে ওঠার পর থেকেই কিংস অ্যারেনায় খেলতে আপত্তি জানিয়ে আসছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। ক্লাবটির দাবি ছিল, প্রতিপক্ষের নিজস্ব মাঠে ফাইনাল আয়োজন হলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এ পরিস্থিতিতে সোমবার দুই ক্লাবের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তবে বৈঠকেও নিজেদের অবস্থানে অনড় ছিল মোহামেডান।

পরে শর্তসাপেক্ষে কিংস অ্যারেনায় খেলতে সম্মতি দেয় ঐতিহ্যবাহী এই ক্লাবটি। মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া জানান, বাফুফের পক্ষ থেকে লিখিতভাবে নিরপেক্ষ ও সুষ্ঠু ম্যাচ পরিচালনার নিশ্চয়তা দিতে হবে। পাশাপাশি আয়োজক ক্লাব বসুন্ধরা কিংস–কেও নিরাপত্তা ও পরিবেশ নিয়ে আনুষ্ঠানিক আশ্বাস দিতে হবে।

তিনি আরও বলেন, ফাইনাল একদিন পিছিয়ে দেওয়ার অনুরোধও তারা জানিয়েছিল এবং বাফুফে সেটি মেনে নিয়েছে।

অন্যদিকে, বসুন্ধরা কিংস বাফুফেকে চিঠি দিয়ে জানিয়েছে, ফাইনাল আয়োজনের পরিবর্তে ট্রফি মোহামেডানকে দিয়ে দেওয়ার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি।

সবশেষে দুই দলের সম্মতিতে বুধবার মাঠে গড়াতে যাচ্ছে ফেডারেশন কাপের ফাইনাল। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন