- ১৯ মে, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
কান চলচ্চিত্র উৎসবে দর্শকদের আবেগে ভাসাল রোমানিয়ান নির্মাতা ক্রিশ্চিয়ান মুঙ্গিউর নতুন সিনেমা ‘ফিওড’। ছবিটির প্রিমিয়ার শেষে টানা ১০ মিনিট দাঁড়িয়ে করতালি দেন দর্শকেরা। আবেগঘন সেই মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারেননি অভিনেতা সেবাস্তিয়ান স্ট্যান ও অভিনেত্রী রেনাতে রেইনসভে।
সোমবার রাতে কান চলচ্চিত্র উৎসবের গ্র্যান্ড প্যালেসে প্রদর্শিত হয় হৃদয়স্পর্শী এই পারিবারিক নাটক। সিনেমাটিতে পরিবার, ধর্মীয় বিশ্বাস এবং রাষ্ট্রীয় ব্যবস্থার সংঘাতকে গভীর আবেগের সঙ্গে তুলে ধরা হয়েছে।
‘ফিওড’ সিনেমার কাহিনি একটি রোমানিয়ান পরিবারকে ঘিরে। নতুন জীবনের আশায় তারা নরওয়ের একটি ছোট শহরে বসবাস শুরু করে। কিন্তু কঠোর ধর্মীয় মূল্যবোধ ও স্থানীয় সমাজব্যবস্থার সঙ্গে ধীরে ধীরে তাদের দূরত্ব তৈরি হতে থাকে। একপর্যায়ে পরিবারটির বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ ওঠে এবং রাষ্ট্র তাদের সন্তানদের হেফাজতে নেয়।
সিনেমার বিভিন্ন দৃশ্যে দর্শকদের আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে সন্তানদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার দৃশ্যগুলো হলে গভীর নীরবতা ও আবেগঘন পরিবেশ তৈরি করে।
প্রদর্শনী শেষে দীর্ঘ সময় ধরে দর্শকদের দাঁড়িয়ে অভিবাদনের মধ্যে আবেগ ধরে রাখতে পারেননি সেবাস্তিয়ান স্ট্যান ও রেনাতে রেইনসভে। তাঁদের চোখে জল দেখা যায়, যা উপস্থিত দর্শকদেরও নাড়া দেয়।
নির্মাতা ক্রিশ্চিয়ান মুঙ্গিউ দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আপনারা ছবিটির প্রতি যে বিশ্বাস দেখিয়েছেন, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।” তিনি আরও বলেন, কান উৎসবের দর্শকদের প্রতিক্রিয়া একটি চলচ্চিত্রের দীর্ঘমেয়াদি প্রভাব নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ক্রিশ্চিয়ান মুঙ্গিউ আগে থেকেই কান উৎসবের পরিচিত মুখ। তাঁর ‘ফোর মান্থস, থ্রি উইকস অ্যান্ড টু ডেজ’ সিনেমা স্বর্ণপাম জিতেছিল। এছাড়া ‘বিয়ন্ড দ্য হিলস’ সিনেমার জন্য তিনি সেরা চিত্রনাট্যকার এবং ‘গ্র্যাজুয়েশন’ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পান।
অন্যদিকে সেবাস্তিয়ান স্ট্যান গত বছর কানে এসেছিলেন ‘দ্য অ্যাপ্রেনটিস’ সিনেমা নিয়ে। আর রেনাতে রেইনসভে ২০২১ সালে ‘দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন।
এদিকে ছবিটি মুক্তির আগেই এর পরিবেশনা স্বত্ব কিনে নিয়েছে নিয়ন। সাম্প্রতিক বছরগুলোতে কান উৎসবের একাধিক পুরস্কারজয়ী সিনেমার পরিবেশক হিসেবে প্রতিষ্ঠানটি বেশ আলোচনায় রয়েছে।