Monday, February 16, 2026

সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস-বিডিএস কোর্সে ২য় দফায় মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ


প্রতীকী ছবিঃ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস এবং বিডিএস কোর্সে দ্বিতীয় দফার মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তির ভিত্তিতে প্রাথমিকভাবে ৬৮ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য মনোনীত করা হয়েছে। ভর্তিসহ অন্যান্য প্রক্রিয়া ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি মেডিকেল, ডেন্টাল কলেজ এবং সংশ্লিষ্ট ইউনিটে ভর্তিকৃত শিক্ষার্থীদের কলেজ পরিবর্তনের জন্য অনলাইনে পূরণকৃত মাইগ্রেশন ফরমের তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে ২য় দফার মাইগ্রেশন সম্পন্ন করা হয়েছে।

মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা অবশ্যই ১৬ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান ভর্তিকৃত কলেজ থেকে নতুন মাইগ্রেশনকৃত কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। এই সময়সীমার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করলে উভয় কলেজে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল বলে গণ্য হবে।

মাইগ্রেশন ও অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে: এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এইচএসসি ও এসএসসি/সমমান পরীক্ষার মূল সনদপত্র, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, নাগরিক সনদপত্র, চার কপি সত্যায়িত রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি এবং উপজাতীয় প্রার্থীদের জন্য বিশেষ কর্তৃপক্ষের প্রদত্ত সনদপত্র।

ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.dgme.gov.bd এবং www.dghs.gov.bd থেকে জানা যাবে। এছাড়া শিক্ষার্থীদেরকে টেলিটকের ০১৫৫০১৫৫৫৫৫ নম্বর থেকে এসএমএসের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় ভর্তি কমিটি এবং মেডিকেল বোর্ডের মাধ্যমে মূল সনদপত্র যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন। ভর্তির ক্ষেত্রে পূর্বে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন