Monday, March 30, 2026

সরকার জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের তথ্যদাতাদের জন্য এক লাখ টাকার পুরস্কার ঘোষণা


ছবিঃ পেট্রল জব্দ করা হয় (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ হিসেবে সরকার সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে। এই পুরস্কার দেওয়া হবে এমন ব্যক্তিদের যারা স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য সরবরাহ করবে।

আজ সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার কর্তৃক উচ্চ মূল্যে আমদানি করা জ্বালানি তেলের সুষম ব্যবহার নিশ্চিত করা এবং অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা এ পদক্ষেপের মূল লক্ষ্য।

তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসক তথ্যদাতার পুরস্কারের অর্থপ্রাপ্তি নিশ্চিত করবেন। পুরস্কার কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার জন্য সীমাবদ্ধ নয়, অর্থাৎ সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমের তথ্যে জানা গেছে, এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে ৩৮৬টি অভিযান চালানো হয়েছে। অভিযানের ফলে ২১৪টি মামলা দায়ের হয়েছে এবং মোট অর্থদণ্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৯ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। নীলফামারী জেলায় তিনজনকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ম্যাজিস্ট্রেটরা দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান অব্যাহত রেখেছেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করছে।

সরকারের এই পদক্ষেপ জনগণকে সহায়তা করতে এবং তেলের অবৈধ চক্র বন্ধ করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন