- ১৪ মে, ২০২৬
PNN নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গভীর রাতে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় নজরুল ইসলাম নামে এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন তাঁর স্ত্রীও। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম স্থানীয় বাসিন্দা গাজী মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মধ্যরাতে একদল মুখোশধারী ব্যক্তি নজরুল ইসলামের বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে বাইরে থেকে তাঁর নাম ধরে ডাকাডাকি করে। দরজা খোলার পর দুর্বৃত্তরা জোরপূর্বক ঘরে ঢুকে তাঁকে বেঁধে ফেলে এবং মারধর শুরু করে। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান।
স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে নজরুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগমও হামলার শিকার হন। পরে দুর্বৃত্তরা ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় বলে পরিবারের অভিযোগ।
ঘটনার খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্ত্রী দাবি করেন, হামলাকারীরা তাঁদের পরিচিত হতে পারে এবং চিনে ফেলায় তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে ডাকাতির স্পষ্ট আলামত পাওয়া যায়নি, তবে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।